বন্দরের জায়গা থেকে ট্রাক টার্মিনাল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে বন্দরের মালিকানাধীন জায়গায় গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল, ৪০টি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম অভিযানের নেতৃত্ব দেন।
বন্দর সূত্র জানায়, ট্রাক টার্মিনালটি উচ্ছেদ করে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও দেওয়া হয়। ট্রাক টার্মিনালের পাশে বন্দরের ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে জানান, অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার হওয়া জমির আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন ভূমির অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে সহায়তা করে নগর পুলিশ। অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।