বন্দরের জায়গা দখল করে ব্যবসা, দুজনকে জরিমানা
চট্টগ্রাম বন্দরের জমি দখল করে ভবন তুলে খাবারের দোকান এবং বালুমহাল গড়ে তোলায় দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, কালুরঘাট সেতু এলাকার কাছে কর্ণফুলী নদীর বাঁ তীরে বন্দরের জায়গা দখল করে দোতলা ভবন গড়ে তোলেন মো. আবুল কাশেম নামে এক ব্যক্তি। ভবনটিতে খাবারের দোকানের ব্যবসা চালাতেন তিনি। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আর কালুরঘাট সেতু এলাকার কাছে কর্ণফুলী নদীর ডান তীরে বন্দরের জায়গা দখল করে বালুর ব্যবসা করছিলেন কামাল উদ্দিন নামে আরেক ব্যক্তি। তাঁকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন প্রথম আলোকে বলেন, জরিমানা করা দুজন কর্ণফুলী নদীর তীর দখল করে ব্যবসা করে আসছিলেন। অবৈধ স্থাপনা সরিয়ে ফেরতে তাঁদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তা না হলে বন্দর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে।