বন্দরের জেটিতে জাহাজ-ট্রেইলর সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর জেটিতে নোঙর করে রাখা একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েছে কনটেইনার পরিবহনকারী ট্রেইলরের। এতে ট্রেইলরের চালক আহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বন্দরের কর্মকর্তারা বলছেন। তবে দুর্ঘটনার সময় ট্রেইলরে কোনো কনটেইনার ছিল না।
গতকাল সোমবার এ দুর্ঘটনার পর বন্দরের ওই জেটিতে প্রায় আড়াই ঘণ্টা কাজ বন্ধ ছিল।
বন্দর সূত্র জানায়, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেইলর সজোরে আঘাত হানে জেটিতে নোঙর করে রাখা জাহাজ ‘এমভি সাজিটেরিয়াসকে। দুর্ঘটনায় জাহাজটির সিঁড়ি ও ট্রেইলরের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রেইলরের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ট্রেইলরটি জব্দ করেছে।
এমভি সাজিটেরিয়াস জাহাজ পরিচালনাকারী ‘সি কনসোর্টিয়াম লিমিটেডের’ ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় জাহাজের বাইরের কাঠামো ও সিঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ ছিল।
জেটি পরিচালনাকারী মেসার্স ফজলীসন্সের স্বত্বাধিকারী ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্রেইলরটি সরিয়ে ফেলার পর জাহাজে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম শুরু হয়।