চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৬ মার্চ দাখিল করতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ সময় বেঁধে দেন।বিস্ফোরণের ঘটনায় আদালতের নির্দেশে গতকাল হাজিরা দিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ও ম্যাক করপোরেশন ইয়ার্ডের মালিক মাস্টার আবুল কাশেম। তাঁরা আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে আদালত তাঁদের অব্যাহতি না দিয়ে ৬ মার্চ হাজির হতে বলেন। ওই দিন এ বিষয়ে শুনানি হবে।গত ১৮ জানুয়ারি সীতাকুণ্ডে ম্যাক করপোরেশনের ইয়ার্ডে ওই বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় দেরিতে এফআইআর হওয়ায় উদ্বেগ প্রকাশ করে আদালত বলেন, ‘মানুষকে পণ্য বা পশুর মতো ব্যবহার করবেন না।’ বন্দর কর্তৃপক্ষের আইনজীবী আদালতকে জানান, এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে, কমিটি কাজ শুরু করেছে। এ জন্য এক মাস সময় প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে ৬ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত। বিস্ফোরণে চারজন নিহত হওয়ায় ঘটনায় ১৯ জানুয়ারি ‘সীতাকুণ্ডে পুরোনো জাহাজে বিস্ফোরণ, ৪ শ্রমিকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনসহ তিনটি প্রতিবেদন আদালতের নজরে আনেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী।