বন্দরের তিন অবকাঠামো প্রসারের তাগিদ

পণ্য পরিবহন বেড়ে যাওয়ার সঙ্গে চট্টগ্রাম বন্দরে যন্ত্র ক্রয়, জেটি ও ইয়ার্ড নির্মাণের তাগিদ দিয়েছেন এ বন্দর ব্যবহারকারী ও বিশিষ্টজনেরা। তাঁরা এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সেগুলো বাস্তবায়নেরও তাগিদ দেন। এই তিন অবকাঠামো দ্রুত বন্দরের বহরে যুক্ত হতে যত দেরি হবে, ততই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে জাহাজজট নিরসনে দ্রুত সরকারি পর্যায়ে ক্রেন কেনাসহ বড় আকারের সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার জন্য বলেছেন তাঁরা।
আজ শনিবার সকালে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে মতামত উঠে আসে। ‘চট্টগ্রাম বন্দর: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে প্রথম আলো। বৈঠকে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি।
বৈঠকে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, চট্টগ্রাম বন্দর পিছিয়ে পড়ার ক্ষেত্রে দুটি বিষয় কাজ করে বলে সবার ধারণা। এর একটি হচ্ছে অদক্ষতা, অন্যটি ষড়যন্ত্রতত্ত্ব। এই বাস্তবতার নিরিখে পরিকল্পনা নিতে হবে। কীভাবে কম সময়ে, কম খরচে বন্দরকে ব্যবহার উপযোগী করা যায়, তা ভাবতে হবে। আর বন্দর ব্যবহারকারীদের হয়রানি বন্ধ এবং এই বন্দরের সর্বোচ্চ সুফল পেতে হলে সংস্থাটিতে যোগ্য জায়গায় যোগ্য মানুষকে বসাতে হবে।
বৈঠকে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, বন্দরের সক্ষমতা বাড়লেও পণ্য পরিবহন বৃদ্ধির হার অনুযায়ী বাড়েনি। গত ৪০ বছরে ৬০টি জেটি হওয়ার কথা থাকলেও হয়েছে ৭টি। জেটি হলে এখন জাহাজজটের কারণে বছরে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হত না। এখন পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এটি নির্মাণ শেষ হওয়ার পর আরও দুটি টার্মিনাল প্রস্তুত করতে হবে।
বন্দরের পর্ষদের সাবেক সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) হাদী হোসাইন বলেন, ২০০৭ সালে নিউমুরিং টার্মিনাল নির্মাণের পর যদি ১০টি গ্যান্ট্রি ক্রেন বন্দরের বহরে যুক্ত হতো, তাহলে আজ এই অবস্থা হতো না। দুঃখজনক হলেও সত্য, এখন যে ৪টি ক্রেন আছে, দুর্ঘটনায় দুটিই নষ্ট হয়ে আছে।
কাস্টমসের যুগ্ম কমিশনার মু. রইচ উদ্দিন খান বলেন, বন্দর থেকে দ্রুত কনটেইনার খালাসের জন্য স্ক্যানারের সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে ৪টি স্ক্যানার থেকে বাড়িয়ে ১২টি ফটকে ১২টি স্ক্যানার স্থাপন করার প্রক্রিয়া চলছে। এগুলো স্থাপন করা হলে বন্দর থেকে পণ্য খালাস আরও দ্রুততর করা যাবে।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, এখন প্রতিদিন ১৫টি কনটেইনার জাহাজ বহির্নোঙরে দাঁড়িয়ে থাকে। আবার রপ্তানি কনটেইনার না নিয়ে জাহাজ বন্দর জেটি ছেড়ে যাওয়ার ঘটনা ঘটছে। এই দেশে প্রধানমন্ত্রী যদি পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারেন, তাহলে বন্দরে সামান্য গ্যান্ট্রি ক্রেন (জাহাজ থেকে কনেটইনার ওঠানো-নামানোর যন্ত্র) কিনতে কেন এত সময় লাগবে?
বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, প্রতিবছর বন্দরে পণ্য পরিবহনের প্রবৃদ্ধি হচ্ছে ১৭ থেকে ১৮ শতাংশ হারে। পণ্য পরিবহন গতিশীল করতে হলে বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানো দরকার ছিল ২০ শতাংশ হারে। সেটি না হওয়ায় খেসারত দিচ্ছেন ব্যবসায়ীরা। পোশাকশিল্পের প্রতিযোগী দেশগুলোয় কয়েক ঘণ্টায় আমদানি কাঁচামাল খালাস করার সুযোগ পেলেও আমরা পাচ্ছি ১০ থেকে ১৫ দিন পর। বন্দরের অনিশ্চয়তার মাঝে ব্যবসা-বাণিজ্য ঘুরপাক খাচ্ছে।
মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী বলেন, দেড় বছর আগে ৫০ থেকে ৬০ হাজার টনের একটি বড় জাহাজ থেকে বহির্নোঙরে পণ্য খালাস করতে সর্বোচ্চ ২৫ দিন সময় লাগত। এখন ৫০ দিন লাগছে। বহির্নোঙরে পণ্য স্থানান্তরকাজের জন্য লাইটার জাহাজের সংকট এবং লাইটার জাহাজের পণ্য খালাসের জন্য ঘাটের সংকটের কারণেই এই অবস্থা তৈরি হয়েছে।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, আগে সিঙ্গাপুর বা কলম্বো বন্দর থেকে একটি জাহাজ তিনবার পণ্য আনা-নেওয়া করত। জাহাজজটের কারণে এখন দুবারের বেশি সম্ভব হচ্ছে না। দুটি গ্যান্ট্রি ক্রেন অচল হয়ে পড়ায় ক্রেনবিহীন জাহাজের সংখ্যা কমিয়ে আনতে হয়েছে। কনটেইনারবাহী জাহাজ দুই থেকে তিন দিনের বেশি জেটিতে অবস্থানের সুযোগ পাচ্ছে না।
ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম বলেন, একাধিক আমদানিকারকের পণ্য নিয়ে আসা কনটেইনারের (এলসিএল কনটেইনার) পণ্য বন্দরের শেড থেকে খালাসের কারণে বন্দরের ভেতরে গাড়ির জট তৈরি হচ্ছে। বিশ্বের কোনো বন্দরে মূল চত্বরে এসব পণ্য খালাস হয় না। বন্দরের বাইরে হয়। এসব কনটেইনারের পণ্য খালাসের জন্য প্রতিদিন বন্দরে আড়াই থেকে তিন হাজার ট্রাক আসা-যাওয়া করে।

নারী উদ্যোক্তা ও চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক রোজিনা আক্তার লিপি বলেন, বন্দর প্রতিষ্ঠার ১৩০ বছর পার হওয়ার পরও বন্দরে জনবল ও যন্ত্রপাতি-সংকট রয়ে গেছে। অথচ একটিমাত্র বন্দর দিয়ে সিঙ্গাপুর উন্নত দেশে পরিণত হয়েছে।
নারী উদ্যোক্তা নাসরিন সরোয়ার মেঘলা বলেন, জাহাজ আসার পরও সময়মতো পণ্য হাতে না পাওয়া এখন মূল সমস্যা। এ জন্য জরুরি ভিত্তিতে জাহাজ থেকে কনটেইনার খালাসের ক্রেন সংগ্রহ করা দরকার।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) কাস্টমস, বন্দর ও জাহাজীকরণবিষয়ক কমিটির আহ্বায়ক খন্দকার লতিফুর রহমান বলেন, জাহাজজটের কারণে কাঁচামাল হাতে পেতে দেরি হওয়ায় পোশাকশিল্পে সরঞ্জাম সরবরাহ ব্যাঘাত হচ্ছে। এতে অনেক রপ্তানি আদেশ হারাতে হচ্ছে।