বন্দরের বহরে নতুন টাগবোট
চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হয়েছে নতুন একটি টাগবোট (সাহায্যকারী জলযান)। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজটি বন্দরের কাছে হস্তান্তর করে। এ নিয়ে বন্দরের বহরে টাগবোটের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।
বন্দরজেটিতে আমদানি পণ্য নিয়ে আসা সমুদ্রগামী জাহাজ ভেড়ানো এবং রপ্তানি পণ্যবাহী জাহাজ জেটি ত্যাগ করার সময় টাগবোটের মতো সাহায্যকারী জাহাজের দরকার হয়। টাগবোট দিয়ে সমুদ্রগামী জাহাজ ঠেলে বা টেনে জেটিতে ভেড়ানো ও জেটি ত্যাগ করতে সাহায্য করা হয়। টাগবোট ছাড়া সমুদ্রগামী জাহাজ জেটিতে আনা-নেওয়া করা যায় না।
গতকাল সকালে বন্দরের মেরিন ওয়ার্কশপ ঘাটে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের কাছে ‘কান্ডারি ১২’ নামের টাগবোটটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন। দরপত্রের মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন এই জাহাজটি নির্মাণের কার্যাদেশ পেয়েছিল।
অনুষ্ঠানে জানানো হয়, টাগবোটটি নির্মাণে সময় লেগেছে ১৮ মাস। প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টাগবোটটি লম্বায় ২৫ দশমিক ২০ মিটার। এর ইঞ্জিনের ক্ষমতা ২ হাজার ৩৬৬ অশ্বশক্তি। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ‘এনকে’র তত্ত্বাবধানে জাহাজটি নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাহাজ নির্মাণে দেশীয় প্রতিষ্ঠান এগিয়ে আসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেন, ২০১৮ সালের শেষে বন্দরের বে-টার্মিনালের নির্মাণকাজ শুরু করা হবে। ২০১৯ সালে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) চালু করার লক্ষ্য আছে। এ ছাড়া লালদিয়া কনটেইনার টার্মিনাল ও কর্ণফুলী কনটেইনার টার্মিনালেরও নির্মাণকাজ শুরু হবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ওয়েস্টার্ন মেরিন ১৪০টি জাহাজ নির্মাণ করেছে। কান্ডারি-১২ হচ্ছে ১৩৭তম জাহাজ। এই জাহাজটি বিদেশ থেকে আমদানি করা হলে অন্তত ৩০-৩৫ কোটি টাকা খরচ হতো।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বন্দর সদস্য (প্রকৌশল) জুলফিকার আজিজ প্রমুখ বক্তব্য দেন।