বন্দরের বহির্নোঙরে দুটি ট্যাংকারে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় একটি ট্যাংকার ফুটো হয়ে সাগরে তেল ছড়িয়ে পড়তে শুরু করে। কোস্টগার্ডের টহল দল ট্যাংকার দুটিকে দ্রুত সাগরতীরে আনার ব্যবস্থা করে। ফুটো হওয়া ট্যাংকার থেকে তেল ছড়ানো বন্ধের উদ্যোগ নেওয়া হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বন্দরের বহির্নোঙরের ২ নম্বর বয়া থেকে ২ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া তেলের ট্যাংকার দুটির নাম বেঙ্গল স্পিরিট-১ ও পারটেক্স-৩।

কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ডিজেল নিয়ে ট্যাংকার দুটির একটি চট্টগ্রাম বন্দর ছেড়ে গিয়েছিল এবং আরেকটি ঢুকছিল। এ সময় দুটি ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেঙ্গল স্পিরিটের বাঁ পাশে গর্তের সৃষ্টি হয় এবং সমুদ্রে তেল পড়তে থাকে।

ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় পড়া ট্যাংকার দুটিকে দ্রুত সৈকতের কাছে নিয়ে আসে কোস্টগার্ডের টহল দল। এরপর কোস্টগার্ডের জাহাজ তৌহিদের সহায়তায় প্রায় ৮০ হাজার লিটার ডিজেল অন্য একটি ট্যাংকারে স্থানান্তর করা হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বেশি তেল সমুদ্রে ছড়াতে পারেনি।