বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি, নিখোঁজ ছয়জন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার রাত ৯টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া লাইটার জাহাজটির নাম এমভি খান সন্স ওয়ান। একটি বড় জাহাজ থেকে লাইটার জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল জিপসাম খালাস করা হচ্ছিল।
বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, লাইটার জাহাজটিতে থাকা ১১ জন নাবিক ও শ্রমিকের মধ্য পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ছয়জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বন্দরের দুটি জাহাজ।
বন্দর সূত্র জানায়, বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে ডুবে যাওয়া লাইটার জাহাজে পণ্য স্থানান্তর করা হচ্ছিল। এ সময় অন্য আরেকটি বড় জাহাজের ধাক্কায় লাইটার জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই বন্দরের উদ্ধারকারী জাহাজ কান্ডারি-১১ ও কান্ডারি-১ এবং কোস্টগার্ডের একটি জাহাজ অভিযান শুরু করে।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম গত রাত পৌনে ১২টায় প্রথম আলোকে বলেন, ‘ডুবে যাওয়া খান সন্স ওয়ানের ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি। তিনজন অলিম্পিক-৯ নামের জাহাজে এবং বাকি তিনজন আরেকটি জাহাজে উঠেছেন।’