বন্দরের শেডে পোশাকশিল্পের কাঁচামালের স্তূপ
ঈদের আগে তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীরা চেষ্টা করেও আমদানি করা কাঁচামাল বন্দর থেকে সময়মতো হাতে পাননি। তবে ঈদের ছুটিতে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর অনেক ব্যবসায়ী আবার বন্দর থেকে পণ্য খালাস নেননি। এ কারণে বন্দরের শেডগুলোতে (পণ্য রাখার জায়গা) পণ্যের স্তূপ বাড়ছে। তাতে বন্দরে কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
বন্দর দিয়ে একাধিক আমদানিকারকের পণ্যবোঝাই কনটেইনারের (এলসিএল) পণ্য খালাসে এই অবস্থা তৈরি হয়েছে। বন্দর দিয়ে বছরে এ ধরনের ৪৪ থেকে ৪৫ হাজার একক কনটেইনারে পোশাকশিল্পের কাঁচামাল আমদানি হয়।
বন্দর ব্যবহারকারীরা জানান, একক আমদানিকারকের পণ্যবোঝাই কনটেইনার (এফসিএল) জাহাজ থেকে নামানোর পর শুল্কায়ন প্রক্রিয়া শেষ করে খালাস করা যায়। কিন্তু একাধিক আমদানিকারকের পণ্যবোঝাই কনটেইনারগুলো জাহাজ থেকে নামানোর পরই খালাস করার সুযোগ নেই। বন্দরে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রথমে এসব কনটেইনার খুলে পণ্য শেডে সংরক্ষণ করে রাখে। এরপর শুল্কায়ন প্রক্রিয়া শেষ করে শেড থেকে ব্যবসায়ীরা যার যার আমদানি পণ্য খালাসের সুযোগ পান।
ঈদের আগে ‘এলসিএল’ কনটেইনারের পণ্য আমদানি বেড়ে যাওয়ায় বন্দরে নিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো সময়মতো পণ্য শেডে স্থানান্তর করে রাখতে পারেনি। এ সময় বন্দরে এ ধরনের পণ্যবোঝাই কনটেইনারের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়ে যায়। ফলে বেকায়দায় পড়েন পোশাকশিল্প মালিকেরা। এসব পণ্য হাতে পেতে দেরি হলে নির্ধারিত সময়ে পোশাক রপ্তানি করা যায় না।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদের আগে একেকটি জাহাজের এলসিএল কনটেইনার থেকে পণ্য স্থানান্তর শেষ করতে ১৮ থেকে ২১ দিন সময় লেগে যায়। এমভি ক্যাপে সাইরস জাহাজে আমদানি হওয়া ১১৯ কনটেইনার পণ্য শেডে স্থানান্তরের কাজ শুরু হয় গত ১৯ মে। এই ১১৯ কনটেইনারের সবগুলো পণ্য স্থানান্তর করতে সময় লাগে ১৮ দিন। এই জাহাজের এলসিএল কনটেইনারে আনা পণ্য স্থানান্তর করে শেডে রাখার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
বিষয়টি নিয়ে বিজিএমইএ’র ঊর্ধ্বতন নেতারা নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করেন। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকেও জানিয়েছেন তা।
তবে ঈদের ছুটির পর পাল্টে যায় চিত্র। বন্দরের শেড থেকে এলসিএল কনটেইনারে আমদানি হওয়া পণ্য খালাসের হার কমে যায়। এতে শেডে পণ্যের স্তূপ জমে। বাড়তে থাকে এলসিএল কনটেইনারের সংখ্যাও।
এ ধরনের কনটেইনারের পণ্য খালাস কম হওয়ায় বিজিএমইএকে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। বন্দরের পরিবহন বিভাগের পরিচালক গোলাম ছরওয়ারের পাঠানো ওই চিঠিতে বলা হয়, আমদানিকারকেরা শেড থেকে এলসিএল কনটেইনারে আনা পণ্য খালাস নিচ্ছেন না। এ কারণে শেডে মালামাল সংরক্ষণ মন্থর হয়ে পড়েছে। নতুন করে এলসিএল কনটেইনারের সংখ্যাও বাড়ছে। যা বন্দরে নিরবচ্ছিন্ন পরিচালন কার্যক্রমে ব্যাঘাত তৈরি করছে।
জানতে চাইলে বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদের পর পোশাক কারখানা এক সপ্তাহের মতো বন্ধ থাকে। এ কারণে এ সময় পণ্য খালাস কম ছিল। তবে এখন পণ্য খালাসের হার বেড়েছে।
এ বিষয়ে বন্দরের পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, আমদানিকারকেরা পণ্য খালাস নিলে জট হবে না। বন্দরকে এগিয়ে নিতে হলে ব্যবহারকারীদেরও এগিয়ে আসতে হবে।