বন্দরের সক্ষমতা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। বন্দরের সক্ষমতা বাড়াতে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার বন্দর ব্যবহারকারী ফোরামের উদ্যোগে চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসের সার্বিক কার্যক্রম নিয়ে এ মতবিনিময় সভা হয়। চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বন্দর ব্যবহারকারীদের আলোচনায় কনটেইনার জট, পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে বন্দরের পরিচালনকাজ ব্যাহত হওয়া, শেড থেকে পণ্য খালাসে বাড়তি সময় লাগা, বহির্নোঙরে কনটেইনারবাহী জাহাজ অলস বসে থাকাসহ বেশ কিছু সমস্যা উঠে আসে। দীর্ঘ মেয়াদে এসব সংকট কাটাতে সংস্কারের পাশাপাশি জরুরি ভিত্তিতে নতুন টার্মিনাল নির্মাণকাজ শুরুর তাগিদ দেন বন্দর ব্যবহারকারীরা।
মতবিনিময় সভায় বিজিএমইএ, বেসরকারি ডিপো মালিক সমিতি, জাহাজ কোম্পানি ও কনটেইনার মালিকদের স্থানীয় প্রতিনিধি, ফ্রেইট ফরোয়ার্ডার ও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ ছাড়া বন্দরের পর্ষদের সদস্য জাফর আলম এবং কাস্টমস কমিশনার হোসেন আহমেদও বক্তব্য দেন।
বন্দর ব্যবহারকারী ফোরামের উপদেষ্টা সাংসদ এম এ লতিফ বলেন, বন্দরের সক্ষমতা নিয়ে সবাই উদ্বিগ্ন। বন্দরের সক্ষমতা বড়জোর ২৫ শতাংশ বাড়ানো যাবে। তাই এখনই বিকল্প বন্দর নির্মাণের কাজে হাত দিতে হবে। বে টার্মিনাল ও লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ এখনই শুরু করতে হবে।
চট্টগ্রাম চেম্বার ও বন্দর ব্যবহারকারী ফোরামের সভাপতি মাহবুবুল আলম বলেন, সম্প্রতি বন্দরে কনটেইনার জটের কারণে জাহাজের গড় অবস্থান সময় বৃদ্ধিসহ নানা কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবহারকারীরা।
বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, নিউমুরিং টার্মিনালের পাঁচটি জেটি দ্রুত চালু হওয়া দরকার। এলসিএল কনটেইনারে (একাধিক আমদানিকারকের পণ্যভর্তি কনটেইনার) আমদানি হওয়া পোশাকশিল্পের কাঁচামাল খালাসে অনেক সময় ১০-১২ দিন সময় লেগে যায়। এতে পোশাক কারখানার পণ্য উৎপাদন ও রপ্তানিতে সমস্যা হয়। এসব সমস্যা নিরসন হওয়া দরকার।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, কনটেইনার ওঠানো-নামানোর জন্য অপারেটর নিয়োগ হবে যন্ত্রপাতিসহ। এখন বন্দরে অপারেটর নিয়োগ হচ্ছে যন্ত্রপাতি ছাড়া। বে টার্মিনাল নির্মাণে নৌমন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, গত তিন মাসে বন্দরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বন্দরের ইতিহাসে আর হয়নি। কনটেইনার পরিবহন বেড়ে যাওয়ায় বন্দরের কাজে ধীরগতি দেখা দিয়েছে।
ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী বলেন, বন্দর এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এতে প্রত্যেকের ভোগান্তি হচ্ছে। তিনি এ সংকট কাটাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে যন্ত্রপাতি সংগ্রহের প্রস্তাব দেন।
ব্যবহারকারীদের সমস্যার বিষয়ে বন্দর পর্ষদের সদস্য জাফর আলম বলেন, কনটেইনার পরিবহন বেড়ে যাওয়ায় নানা সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছে বন্দর। যন্ত্রপাতি কেনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বে টার্মিনাল নির্মাণেরও প্রক্রিয়া চলছে।
কাস্টমস কমিশনার হোসেন আহমদ বলেন, কখনো ইন্টারনেট সংযোগের সমস্যা হলে সেবা প্রদানের সময় বাড়িয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল রাখা হচ্ছে। এই সমস্যা যাতে না হয়, সে জন্য কাজ চলছে।