বন্দরের সক্ষমতা বাড়ানোর আহ্বান ব্যবহারকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবহারকারীরা। গতকাল বুধবার বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তাঁরা।
বন্দর ব্যবহারকারী বিজিএমইএ ও ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের নেতারা পৃথকভাবে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে গতকাল মতবিনিময় করেন। সভায় বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ বলেন, ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে বিজিএমইএ কাজ করে যাচ্ছে। পোশাক রপ্তানির জন্য বন্দরের পণ্য রাখার চত্বর অনুযায়ী যন্ত্রপাতির ব্যবস্থা করা, জেটি সম্প্রসারণ, প্রস্তাবিত বে টার্মিনাল নির্মাণ ও কনটেইনার রাখার নতুন চত্বর নির্মাণে পদক্ষেপ নেওয়া উচিত।
মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, বিজিএমইএর পরিচালক কাজী মাহবুব উদ্দিন, অঞ্জন শেখর, সৈয়দ মোহাম্মদ তানভীর, মোহাম্মদ সাইফ উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বন্দর চেয়ারম্যানের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় একাধিক আমদানিকারকের পণ্যভর্তি কনটেইনার (এলসিএল) বন্দর থেকে সরিয়ে অন্যত্র খালাসের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা)।
সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী বলেন, একাধিক আমদানিকারকের পণ্যভর্তি কনটেইনার বন্দর চত্বরে খুলে খালাসের জন্য অনেক জায়গার দরকার হয়। এসব পণ্য খালাসের সময় যানজট হয় বন্দরে। এ জন্য এসব পণ্যভর্তি কনটেইনার বন্দর থেকে সরিয়ে বন্দরের বাইরে নতুন কোনো ইয়ার্ডে খালাসের ব্যবস্থা করা হলে বন্দরে বিপুল পরিমাণ জায়গা খালি হবে। এই খালি জায়গায় বন্দর অন্য কনটেইনার রাখার ব্যবস্থা করতে পারবে।
বন্দর চেয়ারম্যান এই প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন। মতবিনিময় সভায় সংগঠনের পরিচালক অমিয় শংকর বর্মণ ও খায়রুল আলম উপস্থিত ছিলেন। দেশি-বিদেশি ক্রেতার কাছে আমদানি-রপ্তানি পণ্য পৌঁছে দেওয়ার কাজ করে থাকে ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানগুলো।
বন্দর তথ্যে দেখা যায়, গত বছর বন্দর দিয়ে ৪৫ হাজার ৮০ একক কনটেইনারে একাধিক আমদানিকারকের পণ্য আনা হয়। এসব কনটেইনারের প্রতিটিতে একাধিক আমদানিকারকের পণ্য ছিল। এসব পণ্য প্রথমে কনটেইনার খুলে খালাস করে বন্দরের নির্ধারিত শেডে রাখা হয়। এরপর আমদানিকারকেরা নথিপত্র জমা দিয়ে পণ্য খালাস করে নেন।