বন্দরের সম্পদ লুটেপুটে খেলে জবাব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরের সম্পদ লুটেপুটে খেলে জবাব দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ হুঁশিয়ারি দেন তিনি।
গতকাল সোমবার বিকেলে বন্দর রিপাবলিক ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার। অনুষ্ঠানে বন্দরের সহস্রাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। তবে বন্দর কর্মচারী পরিষদের একাংশ এই অনুষ্ঠানে যোগ দেয়নি।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বন্দর নিয়ে যারা দুর্নীতি করছে তাদের তালিকা আমার হাতে আছে। বন্দর নিয়ে দুর্নীতির জন্য তাদের জবাব দিতে হবে।’ তিনি বন্দর শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বন্দর দিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
অনুষ্ঠানে বন্দর কর্মচারী পরিষদের নেতারা শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর মাঝে সমহারে বণ্টন, কর্ণফুলী কনটেইনার টার্মিনাল ও পতেঙ্গা টার্মিনাল দ্রুত বাস্তবায়ন করা, বন্দরের নিউমুরিং টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বন্দর কর্মচারী পরিষদের সহসভাপতি মোহাম্মদ আলী, পেয়ার আহমদ, যুগ্ম সম্পাদক শহীদুল আলম ও নুর ছাপা ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক গোলাম দস্তগীর প্রমুখ।