বন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে রামনাবাদে প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ নদী মোহনার চাড়িপাড়ায় সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকারের উচ্চপর্যায়ের একটি কারিগরি গত শুক্র ও শনিবার উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ ও পাবলিক শিপইয়ার্ড কোম্পানির কর্মকর্তারা।সম্ভাব্যতা যাচাই শেষে রোববার দুপুরে কলাপাড়ার পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলোতে প্রতিনিধিদলটি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রধান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (হারবার ও মেরিন) সদস্য ক্যাপ্টেন আরিফ মাহমুদ, চিফ হাইড্রোগ্রাফার লে. কমান্ডার মিনারুল হক, উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম, পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসেন, প্রধান প্রকৌশলী অঞ্জন সরকার, বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুলফুদ্দিন আহমেদ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সহকারী মহাব্যবস্থাপক এস এম মঈনউদ্দিন চৌধুরী, আনন্দ শিপইয়ার্ড ও শিল্পওয়েজ লিমিটেডের মো. সাজ্জাদুল আরিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী প্রমুখ। ক্যাপ্টেন আরিফ মাহমুদ বলেন, রামনাবাদ চ্যানেলের গভীরতা বেশি। জাহাজ আনার জন্য কেবল পোর্ট ফ্যাসিলিটি তৈরি করা গেলে অবশ্যই বন্দর নির্মাণ করা যাবে, তবে দেখতে হবে এই নদীর প্রকৃতিতে কোনো পরিবর্তন আসে কি না। স্থায়ী বন্দর কাঠামো নির্মাণের জন্য লাইট হাউস তৈরি, ডিটেইলড হাইড্রোলিক সার্ভেসহ আরও কিছু কাজ জরুরি ভিত্তিতে করতে হবে। সরকার আন্তরিক হলে খুব শিগগির বন্দর নির্মাণ সম্ভব বলে মন্তব্য করেন তিনি। কে এম মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমান অবস্থাতেও এখানে বন্দর গড়ে তোলা সম্ভব। তবে সাগর থেকে রামনাবাদ চ্যানেলে প্রবেশের মোহনায় ড্রেজিং করতে হবে।