বন্দিজীবন থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার সিংহেরকাঠি গ্রামের একটি ইটভাটা থেকে গত বুধবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা ১৬ জন শ্রমিককে উদ্ধার করেছেন। ভাটার মালিক ওই শ্রমিকদের নির্যাতন করে শিকল দিয়ে বেঁধে রাখতেন এবং নিয়মিত বেতন দিতেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এক শ্রমিক সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি জানানোর পর র‌্যাব তাঁদের উদ্ধার করে।র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার নুর-উজ-জামান জানান, শ্রমিকদের উদ্ধার করার পাশাপাশি সাইকেলের তিনটি চেইন, একটি তালাসহ লোহার শিকল ও তিনটি লাঠি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন: আমিরুল, তাহের, জামাল, বকুল, সিদ্দিক, আয়নাল, সহিদুল, ইউনুস, সাত্তার, সেলিম, সবুর, নাদের, কনক, কামাল, সুজন ও লতিফ। তাঁদের সবার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়।শ্রমিকেরা জানান, একজন সর্দারের মাধ্যমে দুই মাস আগে তাঁরা করুনা এন্টারপ্রাইজে আসেন। ইটভাটার মালিকের সঙ্গে প্রতি হাজার ইট তৈরির জন্য ৩৮০ টাকা মজুরি দেওয়ার চুক্তি হয় তাঁদের। এক সপ্তাহ পর সর্দার সেখান থেকে পালিয়ে যান। এরপর মজুরি চাইলে মালিক তাঁদের সর্দার কামাল হোসেনের কাছে অগ্রিম টাকা দিয়েছেন বলে জানান এবং তাঁর কাছ থেকে মজুরির টাকা নিতে বলেন।উদ্ধার হওয়া শ্রমিক আমিরুল জানান, সর্দার মজুরির টাকা নিয়ে যাওয়ায় গত দুই মাস তাঁদের আটকে রেখে ওই ইটভাটায় কাজ করতে বাধ্য করা হয়। কাজ না করতে চাইলে তাঁদের মারধর করা হতো। আবার কেউ পালাতে চাইলে তাঁকে শেকল দিয়ে একটি ঘরে বেঁধে রাখা হতো।ইটভাটার মালিক সজল চন্দ্র হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মালিকের স্ত্রী করুনা হালদার শ্রমিকদের ওপর নির্যাতন চালানো, শেকল দিয়ে বেঁধে রাখা ও কাজ করতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেছেন।বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে তাঁরাও ঘটনাস্থলে যান। মালিকপক্ষ ওই ১৬ শ্রমিককে তাঁদের মজুরি ও বাড়িতে যাওয়ার খরচ বাবদ ১৬ হাজার টাকা দিয়েছে।