বন্দিত্বে মুক্তির আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

এ নিয়ে চারবার। গত সাত দিনে চারবার বৃষ্টি আসি আসি করেও এল না। কাল রাতে অবশ্য খানিকটা ঝড় উঠেছিল, কিন্তু বরাবরের মতো আকাশ ঘন কালো মেঘ শুধুই ছলনা করল। এই মেঘ-বৃষ্টি-রোদ্দুরের লুকোচুরি দেখতে দেখতেই এখন সময় কাটে। সেই যে ৩৫ দিন আগে বাড়িতে এলাম, এখনো খাঁচায় বন্দী পাখির মতো বদ্ধ। কারণ তো একটাই, কোভিড-১৯।

বদ্ধ জীবনেও যে মুক্তির আনন্দ পাওয়া যেতে পারে, সেটা এবার বুঝলাম। বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই রোজ সকাল আটটায় ক্লাস ধরার তাড়া নেই। পড়াশোনাও শিকেয় তুলেছি। সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার জন্য ছাত্রের তাগাদা নেই। তার বদলে অভ্যাস পাল্টে বেলা করে ঘুম থেকে ওঠা, গল্পের বই পড়া, মুভি দেখা, লেখালেখি করা আর ভাইবোনের সঙ্গে নিয়ম করে আড্ডা দেওয়া ও লুডু খেলা। মন্দ লাগছে না। শেষ কবে টানা এত দিন বাড়িতে থেকেছি, মনে পড়ে না। ব্যস্ত জীবনধারায় প্রশান্তি এনে দেওয়ার জন্য করোনাভাইরাসকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।

সব খারাপের মধ্যেও তো কিছুটা ভালো থাকে। এই যেমন লকডাউনে শহরের যান্ত্রিক কোলাহল থেমে গেছে, প্রকৃতির বুকে চিরযৌবন ফিরে এসেছে, নদীদূষণ কমে গেছে, সমুদ্রে প্রাণীর প্রজননের অভয়ারণ্য গড়ে উঠেছে। জীববৈচিত্র্যের নিয়ন্ত্রণ মানুষের কাছে থেকে কেড়ে প্রকৃতি নিজের হাতে নিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এমন কিছু ভালো দিক নিজের মধ্যেও খুঁজে পেলাম।

ক্যাম্পাস বন্ধ হওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে আছি। সামাজিক দূরত্ব মানতে বন্ধুদের সঙ্গে যোগাযোগ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্লাস-পরীক্ষার ব্যস্ততায় স্কুল–কলেজের অনেক বন্ধুর সঙ্গে আলাপ হয়ে ওঠে না লম্বা সময় ধরে। তাদের সঙ্গেও কথা বলছি, গ্রুপে আড্ডা দিচ্ছি। দীর্ঘদিনের জমে থাকা কথায় ফেলে আসা মুহূর্তগুলোর স্মৃতিচারণা হচ্ছে।

নিজের বেশ কিছু গল্প, উপন্যাস শুরু করেও সময়ের অভাবে বেশি দূর এগোতে পারিনি। এখন পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো লিখে ফেলছি। অসমাপ্ত কাজগুলো সেরে ফেলার সুবর্ণ সুযোগই বটে। তার চেয়েও বড় বিষয় মায়ের হাতের রান্না খেতে পারছি।

বন্দীর দিনগুলোতে প্রকৃতি
বন্দীর দিনগুলোতে প্রকৃতি

গৃহে নির্বাসিত মনটাকে প্রফুল্ল রাখতে মাঝেমধ্যে ছাদে যাই কিছু সময়ের জন্য। পড়ন্ত বিকেলে প্রকৃতির কাছাকাছি যাওয়ার সামান্য প্রচেষ্টা। ক্যাম্পাসে এমন কত বিকেল কেটে গেছে লাইব্রেরিতে বইয়ে মুখ গুঁজে কিংবা টিএসসিতে বসে নিউজ করতে করতে। পাখিদের নীড়ে ফেরার দৃশ্য, স্নিগ্ধ সমীরণ, সূর্যাস্ত—কিছুই উপভোগ করা হয়নি। জীবন থেকে হারিয়ে গেছে অনেকটা সময়। সে সময় হয়তো ফিরে পাওয়া যাবে না। তাই বুঝি ভাগ্যবিধাতা এত অস্বস্তির মধ্যেও স্বস্তির বিকেলগুলো ফিরিয়ে দিয়েছেন। মুক্তির আনন্দ অনুভব করছি।

তবে এমন মুক্তির আনন্দ দীর্ঘস্থায়ী হোক, সেটা কখনোই কাম্য নয়। সুন্দর ধরণীর বুক থেকে করোনার ভয়াল থাবা শিগগিরই উঠে যাবে, আবারও ক্লাসে ফিরে যাব, অলসতা কাটিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ব জীবনসংগ্রামে—এমন প্রত্যাশায় এখন প্রহর গুনি।

* লেখক: শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। আলীগঞ্জ বাগান পড়া, রাজশাহী