বন্দিবিনিময় চুক্তি কার্যকর হচ্ছে আগামী বছরের শুরুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত বন্দিবিনিময় চুক্তি আগামী বছরের শুরুর দিকে কার্যকর হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কথা জানান। আমিরাতের দ্য ন্যাশনাল পত্রিকায় গত বুধবার এ খবর প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরকালে দেশ দুটির মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী হস্তান্তরের ব্যাপারে চুক্তি সই হয়। এই চুক্তি দুই দেশের বন্দীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাতের কারাগারে প্রায় ৯০০ সাজাপ্রাপ্ত বাংলাদেশি রয়েছেন। তবে সংযুক্ত আরব আমিরাতের কোনো বন্দী বাংলাদেশে রয়েছে কি না, এ বিষয়ে দূতাবাস কোনো তথ্য দিতে পারেনি।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, ‘কয়েক মাসের মধ্যে আমরা এ বিষয়ে ভালো কিছুর আশা করতে পারি।’ তিনি বলেন, ‘যাঁরা স্বল্প ও দীর্ঘ মেয়াদে সাজা ভোগ করছেন, তাঁদের পুনর্বাসন করাই আমাদের মূল লক্ষ্য। এতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আরও ভালোভাবে পুনর্বাসন করা সম্ভব হবে এবং তাঁরা তাঁদের পরিবারের কাছাকাছি থাকার সুযোগ পাবেন।
যেসব বন্দীর সাজার মেয়াদ এখনো ছয় মাস বাকি, কেবল তাঁদের ক্ষেত্রেই এই চুক্তি প্রযোজ্য হবে। আর যাঁদের তিন মাস সাজার মেয়াদ বাকি থাকবে, তাঁরা এর অন্তর্ভুক্ত হবেন না। তাঁদের সে দেশেই সাজা ভোগ করতে হবে।