বন্দী অবস্থায় মেয়রের শপথ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা জামায়াতের আমির কারাবন্দী নজরুল ইসলাম গতকাল শনিবার সকালে রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মুনির হোসেনের কাছে শপথ নিয়েছেন।
একই দিন চাঁপাইনবাবগঞ্জের দুই মহিলা কাউন্সিলর (সংরক্ষিত) আনোয়ারা বেগম ও শাকেরা খাতুনও শপথ নেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে একাধিক মামলায় কারাগারে বন্দী ওই তিনজনকে ৪৮ ঘণ্টার মধ্যে শপথ পড়াতে জেলা প্রশাসককে নির্দেশ দেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে নির্দেশ পাওয়ার পর তাঁর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
হত্যাসহ ১৮ মামলার আসামি নজরুল ইসলাম ১৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।