বন্দী জামায়াত নেতাকে দেখতে মাদ্রাসা ছুটি
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার ইনছান আলী শ্রীপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি। নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে সপ্তাহ খানেক আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। কারাগারে আটক এ জামায়াত নেতা ও শিক্ষককে দেখতে দস্তুরমতো মাদ্রাসা ছুটি দিয়ে জেলখানায় গেছেন ওই মাদ্রাসার সুপারসহ শিক্ষক-কর্মচারীরা।প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, ইনছান আলীকে জেলখানায় দেখতে যাওয়ার জন্য সুপার গত সোমবার সকালে এসে মাদ্রাসা ছুটি দিয়ে দেন। শিক্ষার্থীরা ক্লাস না করে বাড়ি ফিরে যায়। পরে তিনি অন্য শিক্ষক-কর্মচারীদের নিয়ে জেলা সদরে কেন্দ্রীয় কারাগারে আটক সহকারী সুপারকে দেখতে যান।জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘সরকার নিবন্ধিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ছুটির দিন ছাড়া বন্ধ রাখার সুযোগ নেই। এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিনে ঘটনা প্রত্যক্ষ করেছেন। মাদ্রাসার সুপার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শিক্ষ কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জামা দেওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’জেলা শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘ওই মাদ্রাসার সহকারী সুপার গ্রেপ্তার হয়ে জেলহাজতে যাওয়ায় নিয়মানুযায়ী সুপার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করবেন। কিন্তু তিনি আমাকে ওই ব্যাপারে কিছুই জানাননি। বরখাস্ত করেছেন কি না, তা-ও জানি না।’ অভিযোগের সত্যতা স্বীকার করে মাদ্রাসা সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন হলো সহকারী সুপার জেলহাজতে। তাই মাদ্রাসা ছুটি দিয়ে আমরা শিক্ষক-কর্মচারীরা সবাই মিলে তাঁকে দেখতে জেলখানায় গিয়েছিলাম। তবে মাদ্রাসা ছুটি দিয়ে যাওয়া ঠিক হয়নি।’