বন্দী পাখি মুক্ত
বনের পাখি খাঁচায় পুরলেই হয়ে যায় পোষা। প্রকাশ্যেই চলছিল পোষা পাখির ব্যবসা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ শাখার বিশেষ পরিদর্শক দল অভিযান চালিয়ে দুটি দোকান থেকে চার প্রজাতির ১৬টি খাঁচাবন্দী পাখি উদ্ধার করে। বিকেলে খাঁচার পাখি শহরতলির একটি উদ্যানে মুক্ত করে দেওয়া হয়।পরিদর্শক দল জানায়, সিলেট নগরের বিভিন্ন অ্যাকুরিয়ামের দোকানে পোষা পাখির নামে শিকার ও বিক্রি নিষিদ্ধ পাখির ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছিল। বন বিভাগের কর্মকর্তা স ম সফিকুর রহমানের নেতৃত্বে পরিদর্শক দল অ্যাকুরিয়ামের দোকানগুলোতে অভিযান চালায়। নগরের জেল রোড এলাকার ‘রঙ্গন অ্যাকুরিয়াম’ ও ‘জালালাবাদ অ্যাকুরিয়াম’ নামের দুটো দোকান থেকে সাতটি খাঁচায় পাখি বিক্রির জন্য প্রদর্শন করা হলে এগুলো উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। চার প্রজাতির ১৬টি পাখির মধ্যে চারটি পাহাড়ি ময়না, ছয়টি টিয়া, দুইটি বড় বসন্ত বৌরী, লাভ বার্ড ও মুনিয়া পাখি ছিল। অভিযানের খবর পেয়ে দুটো দোকানের মালিক আগেই দোকান থেকে সরে পড়েন। কর্তব্যরত দুজন কর্মচারী থাকায় এঁদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। পরে বন্য প্রাণী সংরক্ষণ আইনে দুটি দোকানের মালিকের বিরুদ্ধে মামলা করে বিকেল পাঁচটায় ১৬টি পাখি সিলেট শহরতলির খাদিমনগর জাতীয় উদ্যানের বনে ছেড়ে দেওয়া হয়েছে।দোকান কর্মচারীরা জানান, মালিকের সঙ্গে পাখি শিকারিদের যোগসাজশের মাধ্যমে এ ব্যবসা চলে। শিকারিদের সরবরাহের মাধ্যমে পাখি খাঁচায় পুরে পোষা বলে বিক্রি হয়। ময়না, টিয়া, এমন কী বিরল প্রজাতির জলার পাখি কালিম পর্যন্ত বিক্রির জন্য প্রদর্শন করা হয়।বন বিভাগের পরিদর্শক দলের পর্যবেক্ষণ সূত্রে জানা গেছে, সিলেটে পোষার নামে পাখি কেনাবেচার সঙ্গে একটি সংঘবদ্ধচক্র সক্রিয় রয়েছে। নগরের জেল রোডসহ নয়া সড়ক, তালতলা, আম্বরখানা ও বন্দরবাজার এলাকায় অ্যাকুরিয়ামের দোকানে প্রকাশ্যেই পাখি বিক্রি হচ্ছে। সীমান্ত এলাকা থেকে ময়নাসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করে এগুলো পোষা বলে বিক্রি চলে। এ ব্যাপারে স ম সফিকুর রহমান বলেন, সিলেট নগরে পাখি বিক্রির প্রকাশ্য ব্যবসার ব্যাপারে বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ শাখার পর্যবেক্ষণ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রেখে ব্যবস্থা নেওয়া হবে।