বাংলাদেশ ও ভারত আগামী জানুয়ারিতে বন্দী প্রত্যর্পণ চুক্তি সই করতে রাজি হয়েছে। একই সময়ে ভিসা প্রক্রিয়া সহজীকরণ-সংক্রান্ত একটি চুক্তি সই করতে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে গতকাল মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৩ সালের জানুয়ারিতে আমার ঢাকা সফরের কথা রয়েছে। ওই সময়ে আমরা বন্দী প্রত্যর্পণ চুক্তি ও ভিসা প্রক্রিয়া সহজীকরণ-সংক্রান্ত চুক্তিটি চূড়ান্ত করতে একমত হয়েছি।’বাংলাদেশের কারাগারে আটক অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সুশীল সিন্দে বলেন, আজকের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজ্জাদকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কি না প্রশ্নের জবাবে সুশীল সিন্দে বলেন, আইন মেনেই সবকিছু করা হবে।দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, সীমান্তে মৃত্যু ও প্রাণহানির ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। এরই পরিপ্রেক্ষিতে দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আক্রান্ত না হলে সীমান্তরক্ষীরা মারণাস্ত্র ব্যবহার করবে না।