বন্দী প্রত্যর্পণ, চোরাচালান বন্ধসহ নানা বিষয়ে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে মাদক চোরাচালান, মানব পাচার ও অপহরণ বন্ধ, বন্দী প্রত্যর্পণসহ বিভিন্ন সমস্যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরসন করতে একমত হয়েছেন বাংলাদেশ ও ভারতের জেলা পর্যায়ের কর্মকর্তারা। এ বিষয়ে গতকাল চট্টগ্রামে একটি সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই দিন রাজশাহীতে শেষ হয়েছে দুই দিনব্যাপী একটি সীমান্ত বৈঠক। আর কুড়িগ্রামে দুই দিনব্যাপী বৈঠক গতকাল শুরু হয়েছে।
চট্টগ্রাম: নগরের সার্কিট হাউসে গতকাল বুধবার সকালে দুই দেশের মধ্যে জেলা প্রশাসক পর্যায়ের বৈঠক উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। এতে অংশ নেন রাঙামাটি ও বান্দরবান জেলা এবং দুটি জেলার সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্যের তিনটি জেলার কর্মকর্তারা। বেলা দেড়টার দিকে এ বৈঠক শেষ হয়। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন, সীমান্ত সমস্যা সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাঙামাটির জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন। তিনি বলেন, সীমান্তে মাদক চোরাচালান, মানব পাচার, অপহরণ, অস্ত্রসহ বিভিন্ন ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রতিনিধিদলটিতে আরও ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, রাঙামাটির হরিনা ক্যাম্পের বিজিবির লে. কর্নেল মো. শাহাবুদ্দিন ফেরদৌস, একই জেলার পুলিশ সুপার সৈয়দ তরিকুল হাসান, বান্দরবানের রুমা ক্যাম্পের বিজিবির লে. কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।
ভারতের প্রতিনিধিদলটির নেতৃত্বে থাকা মিজোরামের লুংলেই জেলা প্রশাসক আশীষ মাধাওয়ারা মোরে বলেন, সীমান্তে বড় কোনো সমস্যা না থাকলেও দীর্ঘদিনের বিরাজমান কিছু বিষয় রয়েছে। এ ধরনের বৈঠক সেগুলোর সমাধান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। ভারতের প্রতিনিধিদলটিতে আরও ছিলেন মিজোরামের মামিতের জেলা প্রশাসক লালবিয়াকসাঙ্গি, লংলাই জেলার পুলিশ সুপার লালরিঙ্গিদিকা, লুংলেই জেলার পুলিশ সুপার যোসাঙ্গলিয়ানা ও মামিত জেলার পুলিশ সুপার সি লালনানমাউই।
রাজশাহী: রাজশাহী সার্কিট হাউসে গত মঙ্গলবার জেলা প্রশাসক-জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের সীমান্ত বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশের ছয় জেলা ও ভারতের দুই জেলার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে গতকাল দুপুরে সার্কিট হাউসের সামনে এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।
সীমান্ত বৈঠকে অংশ নেওয়া ভারতের জেলা দুটি হচ্ছে মুর্শিদাবাদ ও নদীয়া। প্রতিনিধিদলে ছিলেন মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট শ্রীওয়াল রত্নাকারা ও পুলিশ সুপার শ্রীসি সুধাকর এবং নদীয়া জেলার পুলিশ সুপার শ্রীভরত লাল মিনা। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের ছয়টি জেলা হচ্ছে: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর। বৈঠকে ছয় জেলা প্রশাসক ও ছয় পুলিশ সুপারের পাশাপাশি বিজিবির রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহ ব্যাটালিয়নের তিনজন কর্মকর্তা অংশ নেন।
সংবাদ সম্মেলনে রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বৈঠকে উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। যে ১০টি বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ, সীমান্ত পিলার চিহ্নিতকরণ, চুয়াডাঙ্গা দৌলতগঞ্জ মাজদিয়া স্থলবন্দর পুনরায় চালু, গেদে-দর্শনা করিডর প্রশস্তকরণ করা, রাজশাহীতে সীমান্ত হাট স্থাপন ও জমির সিএস রেকর্ড হস্তান্তর, মাদক, অস্ত্র চোরাচালান এবং সীমান্ত হত্যা বন্ধ করা।
নদীয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভারতী বলেন, দুই দেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে গত বছর ভারতের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তার অগ্রগতি নিয়ে এবারের এই সীমান্ত বৈঠক আয়োজন করা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসক পর্যায়ের সীমান্ত বৈঠক শুরু হয়। বৈঠকে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আন্তর্জাতিক সীমান্ত-সংক্রান্ত জটিলতার সমাধান, সোনাহাট সীমান্ত অবকাঠামো উন্নয়ন, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বন্ধসহ ছয়টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বৈঠক শেষ হবে।
বৈঠকে বাংলাদেশের আট সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। অন্যদিকে ভারতের দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন আসাম রাজ্যের ধুবড়ির জেলা প্রশাসক নজরুল ইসলাম। অপরজন হলেন জেলার নির্বাচন কর্মকর্তা দিগন্ত দাস।