বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে আনা হচ্ছে প্রথম বন্দীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাদল ফারাজি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তাঁকে নিয়ে যেতে ঢাকা থেকে দিল্লি আসছে এক দল পুলিশ। ২৯ জুন ভারতে তাঁর দীর্ঘ কারাবাসের শেষ দিন। পরদিন থেকে তাঁর ঠিকানা হবে বাংলাদেশের জেলখানা।

বাদল ফারাজি ভারতের জেলে রয়েছেন টানা ১০ বছর। যে অপরাধে তাঁর এই দণ্ডভোগ, সেই অপরাধ তিনি নাকি করেননি। মিথ্যা মামলায় তাঁকে নাকি ফাঁসানো হয়েছিল। কিন্তু আইনের চোখে তা প্রমাণিত হয়নি।

অভিযোগটা খুনের। কিন্তু সেখানেই বিভ্রান্তি। অপরাধটা ঘটেছিল ২০০৮ সালে ৫ মে। সেদিন দক্ষিণ দিল্লির এক বাড়িতে খুন হন ৭৬ বছরের এক বৃদ্ধা। সন্দেহ করা হয় ওই বাড়িরই দুই ফেরার গৃহকর্মীকে, যাঁদের একজনের নাম ছিল বাদল সিং। ফেরারিদের ধরতে নানা জায়গায় নোটিশ পাঠানো হয়। কিন্তু বাদল ফারাজিকে ধরা হয় দুই মাস পর। সেদিন, ২০০৮ সালের ১৩ জুলাই, বেনাপোল সীমান্ত দিয়ে বৈধভাবে ভারতে ঢোকার আগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।


ঘটনার নয় সপ্তাহ পরে কোন যুক্তিতে বাদল ফারাজিকে গ্রেপ্তার করা হলো, সেটাই বাদলের পক্ষে আদালতে প্রমাণ করা যায়নি। বাদলের যুক্তি ছিল, খুনের সময় তিনি ভারতেই ছিলেন না। তাঁর পাসপোর্টে বেনাপোল সীমান্তে বাংলাদেশ অভিবাসন দপ্তরের সিলমোহর রয়েছে ১৩ জুলাইয়ের। নো ম্যানস ল্যান্ডেই তাঁকে আটক করা হয় বলে পেট্রাপোল সীমান্তে ভারতের অভিবাসন মন্ত্রণালয়ের সিলমোহর পড়েনি। অভিযোগ, খুনের পর বাদল পালিয়ে যান। এরপর বৈধভাবে ভারতে আসতে গিয়ে ধরা পড়েন। কিন্তু অপরাধী সন্দেহের বাদলের পদবি যে ‘সিং’ ছিল, আর এই বাদল যে ‘ফারাজি’? আদালতে এই হেঁয়ালির মীমাংসা যেমন হয়নি, তেমনই বাদল ফারাজি পারেননি তাঁর নিরপরাধের অকাট্য প্রমাণ দাখিল করতে।

বাদলের হয়ে মামলা লড়া আইনজীবী সুমা সেবাস্টিয়ান এমনই বয়ান দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমকে। ২০১৬ সালের মে মাসে দিল্লি হাইকোর্ট বাদলের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করার পর দিল্লির সমাজকর্মী রাহুল কাপুর এগিয়ে আসেন। তত দিনে সুপ্রিম কোর্টেও বাদলের আবেদন খারিজ হয়ে গেছে। রাহুলদের হস্তক্ষেপেই অতঃপর বাদলের ভাগ্যের চাকা ঘোরে। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী বিনিময়ের চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী বাদলই হতে চলেছেন প্রথম ব্যক্তি, যাঁর প্রত্যর্পণ ঘটতে চলেছে চলতি মাসের শেষে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার (ভিসা বিভাগের প্রধান) মোশারফ হোসেন রোববার প্রথম আলোকে বলেন, ‘ভারতের আদালতের রায়ে বাদল অপরাধী। রায় নিয়ে কিছু বলার নেই। বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হলেও বাদল মুক্তি পাবেন না। তাঁকে বাংলাদেশের জেলখানায় বাকি দণ্ড ভোগ করতে হবে। দুই দেশের চুক্তি অনুযায়ী বাদল ফারাজিই হতে চলেছেন প্রথম অপরাধী, যাঁকে হস্তান্তর করা হবে।’ মোশারফ হোসেন বলেন, তিনি যে নিরপরাধ, তা প্রমাণের কোনো সুযোগ বাদল বাংলাদেশে পাবেন না। যে অপরাধে ভারতে তিনি সাজা ভোগ করছেন, সেই সাজা তিনি এবার থেকে বাংলাদেশের জেলখানায় ভোগ করবেন।