বন্দী স্থানান্তর আজকের মধ্যে শেষ করার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কেরানীগঞ্জে বন্দী স্থানান্তরের কাজ আজ শুক্রবারের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

আজ বেলা ১১টার দিকে কারা অধিদপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন কারা মহাপরিদর্শক।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে পুলিশের পাহারা। ছবি: জাহিদুল করিম
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে পুলিশের পাহারা। ছবি: জাহিদুল করিম

সৈয়দ ইফতেখার বলেন, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৬ হাজার ৪০০ বন্দী ছিলেন। আজ সকাল ছয়টায় এই কারাগার থেকে বন্দীদের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের কারাগারে স্থানান্তরের কাজ শুরু হয়। বেলা ১১টা নাগাদ দুই হাজার বন্দীকে স্থানান্তর করা হয়েছে। বাকি বন্দীদের আজকের মধ্যে স্থানান্তর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কারা মহাপরিদর্শক বলেন, কেরানীগঞ্জের কারাগারে বন্দীরা স্বচ্ছন্দে থাকতে পারবেন। সেখানকার পরিবেশ আন্তর্জাতিক মানের। কেরানীগঞ্জে কারাগারের বাইরে কোনো অবৈধ স্থাপনা ও সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না।

গাড়ির জানালার ফাঁকে বন্দী। ছবি: মনিরুল আলম
গাড়ির জানালার ফাঁকে বন্দী। ছবি: মনিরুল আলম

ঢাকা কেন্দ্রীয় কারাগার আজ আনুষ্ঠানিকভাবে কেরানীগঞ্জে স্থানান্তরিত হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারটি পরিত্যক্ত হবে।

বন্দী স্থানান্তর উপলক্ষে সংশ্লিষ্ট এলাকা ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাজিমউদ্দিন রোড থেকে পোস্তগোলা হয়ে রাজেন্দ্রপুরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কারাগারের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মকর্তা। ছবি: মনিরুল আলম
কারাগারের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মকর্তা। ছবি: মনিরুল আলম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান আজ সকালে সাংবাদিকদের বলেন, ডিএমপির নেতৃত্বে এই বন্দী স্থানান্তরের কাজ চলছে। বন্দী স্থানান্তর শুরুর আগেই নিরাপত্তা জোরদার করা হয়। গোয়েন্দা প্রতিবেদনের আলোকে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। নিরাপত্তার কাজে ডিবি, এপিবিএন, র‍্যাব ও বিজিবি সহায়তা করছে।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তরের জন্য চানখাঁরপুল এলাকায় যান চলাচল সীমিত করে দেওয়া হয়। এতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। ছবিটি আজ শুক্রবার সকাল নয়টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

মারুফ হাসান বলেন, ‘এতসংখ্যক বন্দীকে একযোগে স্থানান্তর করার ঘটনাটি ঐতিহাসিক। কোনোভাবে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, এ জন্য কঠোর ব্যবস্থা নিয়েছি।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, কারাগারের দাপ্তরিক আসবাব আগেই কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

হানিফ উড়ালসড়কের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কয়েদিদের। ছবিটি আজ শুক্রবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
হানিফ উড়ালসড়কের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কয়েদিদের। ছবিটি আজ শুক্রবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

বন্দী স্থানান্তরের আয়োজন নিয়ে গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে বৈঠক হয়। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

কারাগার সূত্র জানায়, নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা নারী ও দুর্ধর্ষ জঙ্গিদের আগেই গাজীপুরের কাশিমপুর কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানান্তরের প্রক্রিয়া শেষ হলে কাশিমপুর কারাগার থেকে তাঁদের কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে।

চানখাঁরপুল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ছবিটি আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
চানখাঁরপুল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ছবিটি আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

নাজিমউদ্দিন রোডের ১৭ একর জমিতে ১৭৮৮ সালে গড়ে ওঠা পুরোনো কারাগার ভবনটিতে বন্দী ধারণক্ষমতা ২ হাজার ৮২৬ জন। স্থানান্তরের আগে সেখানে ৬ হাজারের বেশি বন্দী ছিলেন।

নবনির্মিত কারাগারে যাচ্ছে পুলিশের গাড়ি। ছবিটি আজ শুক্রবার সকাল নয়টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
নবনির্মিত কারাগারে যাচ্ছে পুলিশের গাড়ি। ছবিটি আজ শুক্রবার সকাল নয়টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

কেরানীগঞ্জের নতুন কারাগার ভবন দাঁড়িয়ে আছে ১৯৪ একরের বেশি জমির ওপর। ধারণক্ষমতা ৫ হাজার হলেও ৮ হাজারের মতো বন্দী থাকতে পারবেন।