মানিকগঞ্জ জেলা কারাগারটি ১০০ বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন। বর্তমানে এতে বন্দী আছে ধারণক্ষমতার প্রায় সাত গুণ। প্রচণ্ড গরমে গাদাগাদি করে থাকতে হচ্ছে বন্দীদের। এ ছাড়া গ্যাস-সংকটের মধ্যে বন্দীদের রান্নাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।
কারা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে মানিকগঞ্জ পৌর এলাকাধীন উঁচুটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ছয় একর জায়গায় জেলা কারাগারটি স্থাপন করা হয়। এতে সেলের সংখ্যা ১০। সাধারণ ওয়ার্ড আছে সাতটি। প্রতিটি সেলে একজন করে হাজতি এবং প্রতিটি ওয়ার্ডে ১০ জন করে বন্দী থাকার ব্যবস্থা আছে। এ ছাড়া নারীদের জন্য একটি ও কিশোরদের জন্য আরেকটি ভবন আছে। ভবন দুটিতে ১০ জন নারী ও ১০ জন কিশোরের থাকার ব্যবস্থা আছে।
সূত্র জানায়, কারাগারটি ১০০ জন বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন। এর মধ্যে ৯০ জন পুরুষ ও ১০ জন নারী বন্দী থাকার ব্যবস্থা আছে। তবে বর্তমানে কারাগারটিতে ৬৮৬ জন বন্দী আছেন। এর মধ্যে ৬৭০ জন পুরুষ ও ১৬ জন নারী বন্দী আছেন। বন্দীদের মধ্যে কয়েদির সংখ্যা ৮২ এবং হাজতির সংখ্যা ৬০৪। কয়েদিদের মধ্যে ৮০ জন পুরুষ ও ২ জন নারী। হাজতিদের মধ্যে ৫৯০ জন পুরুষ ও ১৪ জন নারী। বন্দীদের প্রায় ৬০ ভাগই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি।
গতকাল বৃহস্পতিবার সকালে কারাফটকে তিনজন হাজতির সঙ্গে কথা বলে জানা যায়, কারাগারে বন্দীদের যেসব সেবা বা সুযোগ পাওয়ার কথা, অতিরিক্ত বন্দীর কারণে তাঁরা তা পাচ্ছেন না। সময়মতো খাবার ও চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না। গোসল করতে গিয়েও ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাঁদের।
তবে কারাধ্যক্ষ নূর মোহাম্মদ মৃধা দাবি করেন, ১০০ জনের ধারণক্ষমতা থাকলেও সেল ও সাধারণ ওয়ার্ডের আয়তন যথেষ্ট বড় হওয়ায় অতিরিক্ত বন্দীদের থাকতে খুব একটা সমস্যা হচ্ছে না। তিনি বলেন, কারাগারের হাসপাতালটিতে একজন সহকারী সার্জন থাকার কথা থাকলেও পদটি দীর্ঘদিন ধরে শূন্য আছে। এ কারণে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান বন্দীদের চিকিৎসার অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন।
কারা তত্ত্বাবধায়ক নাহিদা পারভীন প্রথম আলোকে বলেন, ধারণক্ষমতার প্রায় সাত গুণ বেশি বন্দী থাকায় সমস্যা বেড়ে গেছে। গ্যাস-সংকটের কারণে অতিরিক্ত অর্থ খরচ করে লাকড়ি কিনতে হচ্ছে। একদিকে গ্যাসের বিলও দেওয়া হচ্ছে, অন্যদিকে বিকল্প জ্বালানির টাকাও দেওয়া হচ্ছে। বিকল্প জ্বালানি দিয়ে অতিরিক্ত বন্দীদের জন্য খাবার রান্না করতে সময়ও বেশি লাগছে। এ কারণে বন্দীদের সময়মতো খাবার পরিবেশন করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এতে বন্দীরা অসন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া প্রচণ্ড গরমে একই স্থানে অতিরিক্ত বন্দীদের থাকাটা খুব কষ্টকর।