‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’ স্লোগান নিয়ে গাজীপুর সদর উপজেলায় অবস্থিত কাশিমপুর মহিলা কারাগারটি (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-৩) যাত্রা শুরু করেছিল। কিন্তু এখানে আলোর পথ দেখানোর মতো কোনো কার্যক্রম নেই বললেই চলে। এই কারাগারটিতে যে পরিমাণ বন্দী থাকার কথা, সে পরিমাণ নেই। আবার সশ্রম বন্দীদের নেই কোনো শ্রম। বন্দীদের সঙ্গে থাকা শিশুদের জন্য দিবা পরিচর্যা কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) থাকলেও তা অচল হয়ে আছে বলে জানা গেছে।কারাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিমপুর মৌজায় ২০০৭ সালের ১৬ আগস্ট যাত্রা শুরু করে এ কারাগারটি। কারাগারটির ধারণক্ষমতা ২০০ হলেও বাস্তবে এতে আরও তিন শতাধিক বন্দী অনায়াসে থাকতে পারবেন। প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে নির্মিত কারাগারটির মূল ভবন চারতলাবিশিষ্ট। কারাগারের ভেতরে বিনোদনকেন্দ্র, চিকিৎসাকেন্দ্র, পাঠাগার, স্কুল ও বন্দীদের শিশুদের জন্য দিবা পরিচর্যা কেন্দ্রসহ যাবতীয় সুযোগ-সুবিধা থাকলেও সেগুলো সক্রিয় নেই বা বন্দীরা ব্যবহার করতে পারছেন না। সূত্র আরও জানায়, বর্তমানে কারাগারটিতে হাজতির সংখ্যা ২০৫ জন। তাঁদের মধ্যে ৮৭ জন সশ্রম বন্দী ও নয়জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। ঢাকা ও পার্শ্ববর্তী কারাগার থেকে ওই কারাগারে বন্দী স্থানান্তর করলে ওই সব কারাগারের চাপ কমানো সম্ভব। ২০০ জন বন্দীর বিপরীতে কারাগারটিতে প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কারা কর্মকর্তা বলেন, বন্দীদের সঙ্গে ১৯টি শিশু রয়েছে। যাদের প্রত্যেকের বয়স ছয় বছরের নিচে। কারাগারটিতে একটি পূর্ণাঙ্গ দিবা পরিচর্যা কেন্দ্র থাকলেও তা চালু হয়নি। ফলে শিশুরা বন্দীদের সঙ্গেই রুমে অবস্থান করছে। এতে করে বন্দিদশায় নিষ্পাপ ওই শিশুদের মনের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এখানে মেডিকেল সেন্টার থাকলেও পার্শ্ববর্তী ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর চিকিৎসক ও একজন ডিপ্লোমা নার্স নারী কারাবন্দীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। পাঠাগার থাকলেও তাতে পর্যাপ্ত বই নেই। কারাগারটিতে সশ্রম বন্দীদের জন্য উপযুক্ত শ্রম বা প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে। ওই কর্মকর্তা আরও জানান, এখানে সমাজকল্যাণ বিভাগের মাধ্যমে বন্দীদের জন্য মৃৎশিল্প, এমব্রয়ডারি, নিটিং কোর্সসহ নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে কারাভোগের পরবর্তী জীবনে বন্দীদের পক্ষে জীবিকা নির্বাহ সহজ হতো। এ ছাড়া দিবা পরিচর্যা কেন্দ্র চালু থাকলে বন্দীদের শিশুরা শিক্ষা অর্জনের পাশাপাশি তাদের কোমল মন বিকশিত হওয়ার সুযোগ পেত। বর্তমানে নারী বন্দীদের একমাত্র কাজ নিজেদের রান্নাবান্না ও রুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা। ফলে সশ্রম বন্দীদের কাছে রান্নাবান্নার কাজ যেন কোনো কাজই নয়। তাঁদের কাছে কারাগার আর বাড়ির কাজের মধ্যে যেন কোনো পার্থক্য নেই। তাঁরা কারাগারে আরামদায়ক অবস্থায় আছেন। এ ব্যাপারে কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) টিপু সুলতান প্রথম আলোকে বলেন, বন্দীরা বর্তমানে শুধু হাতের সেলাই কাজ করছেন। অন্য যেসব কাজ করার কথা সেগুলো শিগগিরই চালু করা হবে। এ ছাড়া বন্দীদের সঙ্গে শিশুদের জন্য যে দিবা পরিচর্যা কেন্দ্রটি রয়েছে, সেটিও সচল করা হবে।