কারাবন্দীদের হাতে রঙিন সুতোর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারের ভেতর বন্দীদের জন্য নির্মিত পোশাক কারখানা। ছবি: প্রথম আলো
কারাগারের ভেতর বন্দীদের জন্য নির্মিত পোশাক কারখানা। ছবি: প্রথম আলো

কারখানায় ঝাড়ামোছার কাজ চলছে। দূর থেকে ভেসে আসছে তাঁতের খটাখট আওয়াজ। কাছে গিয়ে দেখা গেল, জনা দশেক বসে জামদানি শাড়ি বুনছেন। লাল, হলুদ, গোলাপি, বেগুনি রঙের সুতায় যেন রঙিন স্বপ্ন বুনে চলেছেন। মানুষগুলোর চোখেমুখে খুশির ঝিলিক। যেন অনেক দিন পর পছন্দের কাজ খুঁজে পেয়েছেন। এটুকু পড়ে মনে হতে পারে, এটা কোনো তাঁতপল্লির চেনা চিত্র। কিন্তু এই দৃশ্য আসলে একটি কারাগারের। আর মানুষগুলো নানা অপরাধে কারাবন্দী।

নারায়ণগঞ্জ কারাগারে বন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য দেশে প্রথমবারের মতো জামদানি উৎপাদন কেন্দ্র ও পোশাক কারখানাটি তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে—রিজিলিয়েন্স। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারখানাটির উদ্বোধন করবেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়ার উদ্যোগে এটি তৈরি করা হয়েছে।

২১ ডিসেম্বর সরেজমিনে কারাগারের ভেতরে দেখা যায়, সাত হাজার বর্গফুট আয়তনের কারখানাটির ওপর টিনের ছাউনি। শূন্য হাতে জেলা প্রশাসক কাজটি শুরু করেছিলেন। অরাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে দেড় কোটি টাকা ব্যয়ে কারখানাটির নির্মাণকাজ সম্পন্ন করেন। কারও কাছ থেকে নগদ টাকা নেওয়া হয়নি। অবশ্য শেষের দিকে সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু সহযোগিতা নেওয়া হয়েছে। কারখানায় পণ্য উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং, নিটিংসহ নানা ধরনের কাজ হবে। একসঙ্গে ৩৫০ জন বসে কাজ করতে পারবেন।

অনেক কারাবন্দী আছেন, যাঁরা বিভিন্ন পোশাকশিল্প কারখানায় আগে কাজ করেছেন। তাঁরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। কারাবন্দীদের উৎপাদিত পণ্য বেচে যে মুনাফা পাওয়া যাবে, তা তাঁদেরই নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হবে। বন্দীদের উপার্জিত টাকা যাবে তাঁদেরই পরিবারের কাছে। শুধু প্রশিক্ষণের জন্য ছাড়া এই পোশাক কারখানায় বাইরের কাউকে আনা হবে না বলে কারাগার সূত্রে জানা গেছে।

কথা হয় কয়েকজন কারাবন্দীর সঙ্গে। তাঁরা বলেন, ‘অপরাধ করে ভুল করেছি। এখন আমরা ভালো হতে চাই। অলস বসে থাকতে চাই না। কাজ করতে চাই। এতে পরিবারেরও সাহায্য হবে।’ একজন কারাবন্দী বলেন, তিনি নয় বছর ধরে হত্যা মামলায় জেলে আছেন। তিনি জামদানি বুনতে পারেন। এখন সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন হায়দার প্রথম আলোকে বলেন, কারাগার থেকে বের হলে যেন বন্দীরা পরনির্ভরশীল না থাকেন, এমন চিন্তা থেকেই কারাগারে পোশাক কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক ও কারাগার সূত্র জানায়, যাঁদের দীর্ঘ মেয়াদে সাত বা পাঁচ বছর কারাগারে থাকতে হবে, তাঁদেরই মূলত প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে তাঁরা অন্য বন্দীদের প্রশিক্ষণ দেবেন। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) বাজারজাতসহ সংশ্লিষ্ট সব কাজে সহায়তা করবে। জেলা কারাগারের মূল ফটকের বাইরে যে বিক্রয়কেন্দ্র রয়েছে, সেখানেও বন্দীদের উৎপাদিত পণ্য বিক্রি করা হবে। কারাবন্দীদের পোশাক কারখানায় তৈরি পণ্য ও জামদানি শাড়ি দেশের ভেতরে বিভিন্ন স্থানে বিক্রি করা হবে। বিদেশেও রপ্তানি করা হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, কারাগারের ভেতরে অলস সময় কাটে বন্দীদের। নানা ধরনের অপরাধের বন্দীর সঙ্গে সময় কাটানোর ফলে অন্য অপরাধের দিকে ঝুঁকে পড়েন তাঁরা। অনেকে হতাশায় ভোগেন। মূলত তাঁদের পুনর্বাসন করতেই এ উদ্যোগ। এখানে জামদানি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হবে। একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে এ পোশাক কারখানা পরিচালিত হবে। তাঁদের এই উদ্যোগ সফল হলে অন্য কারাগারে পোশাক কারখানা চালু করার কথা জানান রাব্বী মিয়া।