বন্দীদের মেরে ফেলার হুমকি দেন মীর কাসেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সুনীল কান্তি বর্মণ। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তিনি চট্টগ্রামের ডালিম হোটেলে অন্যদের সঙ্গে বন্দী থাকা অবস্থায় তাঁদের মীর কাসেম মেরে ফেলার হুমকি দেন।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার সুনীল কান্তি (৭২) জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, চট্টগ্রামের পটিয়া থানার পেড়প্যারা গ্রামে তাঁর বাড়ি। এখন থাকেন চট্টগ্রাম শহরের হাজারী লেনে। একাত্তরের নভেম্বরে শহরের পরিস্থিতি খারাপ হলে স্ত্রী, ছয় মাসের মেয়ে, গৃহকর্মীসহ তিনি গ্রামের বাড়ির উদ্দেশে চাক্তাই পার হতে নৌকায় উঠছিলেন। ওই সময় আলবদররা তাঁকে ধরে খাতুনগঞ্জের চামড়ার গুদাম এলাকায় দোস্ত পাঞ্জাবির ভবনে স্থাপিত আলবদর ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করে।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১৩ ডিসেম্বর তিনি দেখেন, দোস্ত পাঞ্জাবির ভবনের বাল্ব খুলে ফেলা হচ্ছে। কামরুল নামের এক আলবদর তাঁকে (সাক্ষী) বলেন, ‘তোকে তো বাঁচাতে পারলাম না, আজ অথবা কাল তোদের ডালিম হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখানে মীর কাসেম আলী আছেন। তিনি তোদের বাঁচতে দেবেন না।’ পরদিন ভোর পাঁচটার দিকে বন্দীদের চোখ বেঁধে একটি ট্রাকে উঠিয়ে ডালিম হোটেলে স্থাপিত আলবদর ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তাঁকে অন্য বন্দীদের সঙ্গে একটি ঘরে রাখা হয়। সেখানে মীর কাসেম ছিলেন। বন্দীদের কে কী জানেন, তা মীর কাসেম জানতে চান। বন্দীরা যখন কোনো তথ্য দিচ্ছিলেন না, তখন মীর কাসেম বলেন, ‘তোদের সবাইকে মেরে ফেলা হবে।’
সাক্ষী আরও বলেন, ১৪ ডিসেম্বর ডালিম হোটেলে কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরদিন দুপুরে বন্দীরা ঘরের একটি জানালা খোলেন। কিন্তু কারও সাড়া না পেয়ে আবার বন্ধ করে দেন। রাত দুইটার দিকে কেউ একজন জানালায় টোকা দিয়ে বলেন, ‘দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, আমরা তোমাদের বের করে আনব।’ ১৬ ডিসেম্বর ভোরে স্থানীয় লোকজন ঘরের দরজা কুড়াল দিয়ে ভেঙে বন্দীদের মুক্ত করেন। মুক্তি পাওয়ার পর টুনটু সেন ও রণজিত দাশের স্ত্রীর কাছে জানতে পারেন, মীর কাসেমের নেতৃত্বে আলবদর সদস্যরা তাঁদের ধরে নিয়ে গিয়েছিল।
জবানবন্দি শেষে আসামির কাঠগড়ায় থাকা মীর কাসেমকে শনাক্ত করেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। পরে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।