বন্দীদের সঙ্গে সাক্ষাতে ২/১ দিন লাগবে: জেল সুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

কেরানীগঞ্জের তেঘরিয়ার রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ শনিবার বন্দীদের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে গেছে দর্শনার্থীরা। কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) বলছেন, সাক্ষাতের জন্য নতুন জায়গার প্রস্তুতি চলছে। তাই সাক্ষাৎ করতে দু-এক দিন সময় লাগতে পারে।
আজ শনিবার সকাল থেকে কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে এসে বেশ কয়েকজন দর্শনার্থীকে ফিরে যেতে দেখা যায়।
নীলফামারী থেকে আসা ফারুক হোসেন জানান, তাঁর বড় ভাইকে গত সোমবার পুলিশ আটক করেছে। ঠিকানা বদল হওয়ার পর তিনি আজ কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু দেখা করতে পারেননি। কবে দেখা করতে পারবেন, তা কারারক্ষীরা বলতে পারেননি।
পুরান ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা আবদুর রশিদ বলেন, গত বুধবার ভাগনে রেজাউল করিমকে পুলিশ আটক করেছে। আজ তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু দেখা পাননি।
রাজধানীর বাসাবো থেকে আসা এক দর্শনার্থী নাম প্রকাশ না করে বলেন, গত মঙ্গলবার বুয়েট থেকে তাঁর ছেলেকে পুলিশ আটক করেছে। ছেলে বুয়েটে পড়ে। তিনি ছেলেকে কিছু বই দিতে এসেছেন। দেখা করতে না পারলেও বই দিতে পেরেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ‘গতকাল শুক্রবার আমরা ৬ হাজার ৫১১ জন বন্দীকে নিয়ে এসেছি। এখানে তাঁদের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। কারাবন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য আলাদা একটি জায়গা করা হচ্ছে। এটি করতে দু-এক দিন সময় লাগবে। এখন সেই প্রস্তুতি চলছে।

আজ শনিবার সকাল থেকে নবনির্মিত কারাগারে কারারক্ষীদের মালপত্র নিয়ে আসতে দেখা যায়।

নতুন কারাগার কেমন, তা জানতে চাইলে কারারক্ষী মান্নান হোসেন বলেন, ‘নাজিমউদ্দিন রোডের পুরোনো ভবনটি ছিল ঘিঞ্জির মধ্যে। এখানকার পরিবেশ অনেক খোলামেলা। জায়গা বেশি। আলো-বাতাসও বেশি। এখানে বেশ ভালো আছি।’

২২৮ বছর পর গতকাল পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিকানা বদল হয়েছে। বন্দীদের আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। ডেপুটি জেলার মাজাহারুল ইসলাম হাতে রজনীগন্ধা ফুল দিয়ে বন্দীদের বরণ করে নেন।