বন্দীর সঙ্গে দেখা করে রায় জানছেন স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে দেখা করতে গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন স্বজনেরা  ছবি: প্রথম আলো
পিলখানা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে দেখা করতে গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন স্বজনেরা ছবি: প্রথম আলো

বন্দী বিডিআর সদস্যদের দেখতে গতকাল বুধবারও তাঁদের স্বজনেরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান। হত্যা মামলা থেকে খালাস পাওয়া বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা স্বজনের সঙ্গে দেখা করে খুশিমনে বের হয়েছেন। আর দণ্ড পাওয়াদের স্বজনেরা বের হয়েছেন চোখ মুছতে মুছতে।
সাক্ষাতের পর একাধিক স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা গতকালও রায় জানতে পারেননি। বন্দী স্বজনের সঙ্গে দেখা করে রায় জেনেছেন। রায়-পরবর্তী আইনি পদক্ষেপ নিয়েও তাঁরা আলোচনা করেছেন। মোটামুটি সবাই উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন প্রথম আলোকে।
গত মঙ্গলবার পিলখানা হত্যা মামলার রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬১ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং ২৭৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী বলেন, বন্দী বিডিআর সদস্যদের অনেক স্বজন গতকাল দেখা করতে এসেছেন। তবে সারা দিনে কতজন দেখা করতে পেরেছেন, সেই সংখ্যা জানাতে পারেননি তিনি।
দুই বাক্স ওষুধ হাতে গতকাল বুধবার সকাল নয়টার দিকে কেন্দ্রীয় কারাগারের ফটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রংপুরের গঙ্গাচড়ার তিস্তাপারের বাসিন্দা আবদুল মালেককে। ভাইয়ের ছেলে সিপাহী রবিউল ইসলামকে দেখতে এসছেন তিনি। রায় হয়েছে শুনেছেন, কিন্তু কী দণ্ড হয়েছে রবিউলের, তা তিনি জানেন না। দুপুর ১২টার দিকে আবার দেখা হয় মালেকের সঙ্গে। কাঁদছিলেন তিনি। জানতে চাইতেই বলেন, ‘কান্দা ছাড়া উপায় আছে এ্যালা। ১০ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে রবিউলের।’
গঙ্গাচড়ার মালেক বলেন, ‘তিস্তায় আটবার হামার বাড়ি নিছে। আটবার ঘর তুলছি। এই চ্যাংরাটা (ছেলেটা) হামার বংশের বাত্তি হইছলো।’ তিনি জানান, টাকার অভাবে এখন পর্যন্ত ঠিকমতো আইনজীবীও নিয়োগ করতে পারেননি। এখন বাড়ি গিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন, উচ্চ আদালতে আপিলের জন্য আইনজীবী নিয়োগ করবেন কি না।
মালেক জানালেন, রবিউলের একধরনের খিঁচুনি রোগ আছে। অনেক টাকার ওষুধ লাগে তাঁর। ২৯ অক্টোবর রায় হবে শুনে ঢাকায় এসেছেন তিনি। কিছু ওষুধ কিনেছেন। হাজারীবাগে গঙ্গাচড়া থেকে আসা রিকশাচালকদের সঙ্গে রিকশার গ্যারেজে থাকছেন। তাঁরাই তাঁকে খাওয়াচ্ছেন।
গতকাল সকালে কারাগারের দেয়ালের পাশে শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চল্লিশোর্ধ্ব আবুল কালামকে। চোখ দুটি লাল, মুখে খোঁচা খোঁচা দাড়ি। কাউন্টারে একরকম যুদ্ধ করে একটা টিকিট পেয়েছেন। সামনে গিয়ে দাঁড়াতেই বললেন, ‘ভাই আছে কারাগারে। কাল ফাঁসির রায় হয়েছে।’
আবার একই লাইনে দাঁড়িয়ে থাকা কারও চোখেমুখে ছিল হাসির ঝিলিক। রায়ে খালাস পেয়েছেন এঁদের স্বজনেরা। যদিও হত্যা মামলায় খালাস পাওয়া বেশির ভাগ বিডিআর সদস্যই বিদ্রোহের মামলায় সাজা পেয়ে কারাগারে আছেন।
আবুল কালাম প্রথম আলোকে বলেন, পরিবারের সবাই রায়ের সারাটা দিন ছটফট করেছে। ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট রিয়ন আহমেদের ফাঁসির রায় হয়েছে। গতকাল ভাইকে দেখে রাতেই রংপুরে রওনা দিয়েছেন। খুঁজতে যাবেন নামী কোনো উকিল। তাঁর বিশ্বাস, রিয়ন অন্যায় করেননি। প্রথম আলোকে তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি সকাল আটটায় রিয়ন ফোন করেছিলেন তাঁর মাকে। বলেছিলেন, তাঁর বদলি হয়ে গেছে সাতক্ষীরায়। গেট পাসটা পেলেই বাড়ির উদ্দেশে রওনা দেবেন। বড়জোর ১০টা-সাড়ে ১০টা বাজতে পারে। সেই রিয়ন কেন, কীভাবে এ ঘটনায় জড়ালেন, এখনো বুঝে উঠতে পারেন না তিনি।
উদ্ভ্রান্ত আয়েশা খাতুনও। স্বামীর ফাঁসি হয়েছে। বিডিআর বিদ্রোহের সময় বড় ছেলেটির বয়স ছিল পাঁচ, ছোটটির কয়েক মাস। সেই থেকে তাঁর জীবনযুদ্ধ চলছে। সাত দিনের মধ্যে আপিল করতে কোথায় যাবেন, কার কাছে যাবেন জানেন না তিনি।
রাজধানীর একটি ক্লিনিকের কর্মী আবদুল আউয়াল খুব সকালে শ্বশুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর শ্বশুর শফিকুর রহমান খালাস পেয়েছেন। একাদশ শ্রেণীর ছাত্রী স্ত্রী আনিলা আক্তার অনবরত বাবার কথা জানতে চাইছেন। প্রথম আলোকে আউয়াল বলেন, তাঁর শ্বশুর শফিকুর রহমান বিডিআর বিদ্রোহের দুই দিন আগেও বাগেরহাটে নিজের বাড়িতে ছিলেন। জরুরি তলবে পিলখানায় আসেন। সেই যে এলেন, আর ফেরেননি। স্বামী জেলে ঢোকার পর থেকে স্ত্রী সেলিনা বেগম রোগে-শোকে কাতর। মঙ্গলবার সারা দিনে কমপক্ষে ২৫ বার মেয়েজামাইকে ফোন করেছেন। রাত নয়টায় জানলেন, স্বামী খালাস পেয়েছেন।
বিডিআর বিদ্রোহের মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন তরুণ সিপাহী লাবলু গাজী। তাঁর স্ত্রী স্বর্ণা বেগম আর মা শুভা বেগম সকাল থেকেই দাঁড়িয়ে ছিলেন কারা ফটকে। দুপুরে দেখা হয় লাবলুর সঙ্গে। তাঁর চাকরির বয়স ছিল মাত্র দেড় বছর।
মা শুভা বেগম জানান, লাবলুর যাবজ্জীবন হয়েছে। এখন পর্যন্ত কোনো রকমে আইনজীবীকে টাকা দিয়েছেন। এরপর উচ্চ আদালতে যেতে হলে তাঁর ভিটে বেচতে হবে।
মেডিকেল এসিসট্যান্ট আবদুল হাকিমের সাত বছরের সাজা হয়েছে। এখন আপিল করবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে পারছে না তাঁর পরিবার। গতকাল হাকিমের স্ত্রী আর বড় ভাই তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁর বড় ভাই বললেন, ‘উকিল ধরতে কত টাকা লাগবে, তার ওপর নির্ভর করবে তাঁরা কী করবেন।’