বন্দীরা স্বজনের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে নবনির্মিত পোশাক কারখানায় কাজ করছেন কয়েদিরা। ছবি: প্রথম আলো
কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে নবনির্মিত পোশাক কারখানায় কাজ করছেন কয়েদিরা। ছবি: প্রথম আলো

কারাগারে বন্দীরা স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁরা যাতে স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মনে না করে, সে কারণেই মোবাইল ফোনে কথা বলার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নির্মিত গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং জামদানি উৎপাদন কেন্দ্র ‘রিজিলিয়ান্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে। বন্দীরা যাতে ভবিষ্যতে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সে জন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ কারাগারে এই গার্মেন্টস ইউনিট বন্দীরাই চালাবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই গার্মেন্টস ইউনিট গড়ে তোলা হবে। কারাবন্দীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থাও করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারের ভেতরে মাদকসহ অবৈধ কোনো জিনিস যাতে ঢুকতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য কারারক্ষীদের বিশেষ প্রশিক্ষণ ও প্রবেশ পথে স্ক্যান মেশিন বসানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, সেলিম ওসমান, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হকসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।

আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, দীর্ঘমেয়াদি বন্দীদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক হিসেবে ইউনিট চালানোর দায়িত্ব দেওয়া হবে। স্বল্পমেয়াদি বন্দীদেরও প্রশিক্ষণ দিয়ে এ কাজে লাগানো হবে। পরিবেশ অনুযায়ী বন্দীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাংসদ ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, কারাগার কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা এবং বিদেশি ক্রেতাদের কারাগারের ভেতরে প্রবেশের সুযোগ দিলে এখান থেকে উৎপাদিত তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বছরে ১০ থেকে ১৫ লাখ ডলার আয় করা সম্ভব। তিনি এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ও ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ইউনিট উদ্বোধন করেন।