বন্দুক, কার্তুজ ও ফেনসিডিল উদ্ধার মহিলাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ একটি বন্দুক ও ৯০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন মাদকবিক্রেতা মো. রফিকের স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও মৃত আবু তাহের কোম্পানীর ছেলে আবু জাফর মো. সালেহ্ রিফাত (২৮)।

গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টায় জোরারগঞ্জ থানাধীন গনকছরা গ্রাম থেকে তাঁদের আটক ও অস্ত্র, মাদক উদ্ধার করা হয়। ধৃত আবু জাফর মো. সালেহ্ রিফাত উপজেলা আওয়ামী লীগের এক নেতার ঘনিষ্ঠ আত্মীয় বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরেফুল ইসলামের নেতৃত্বে গনকছরা গ্রামের মাদকবিক্রেতা রফিকের ঘরে অভিযান চালায় পুলিশ।

এ সময় মাদকবিক্রেতার সহযোগী ও স্ত্রী মরিয়মকে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ছাড়া ওই ঘরে ফেনসিডিল সেবনকারী আবু জাফর মো. সালেহ রিফাতকে এক রাউন্ড কার্তুজ ও দেশীয় বন্দুকসহ হাতেনাতে আটক করা হয়। তবে মাদকবিক্রেতা রফিক পালিয়ে যেতে সক্ষম হন।

মামলার বাদী ও জোরারগঞ্জ থানার উপপরিদর্শক আরেফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতেই তিনি বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেছেন। মামলায় রিফাত, মরিয়ম ও রফিককে আসামি করা হয়েছে।

আরেফুল জানান, ধৃত দুজন স্বীকার করেছেন নির্বিঘ্নে মাদক বিক্রি করার জন্যই অস্ত্রটি ব্যবহার করা হতো।