পুলিশ যশোর শহরে ইব্রাহিম হোসেন ওরফে ডলার (২৪) নামের এক তরুণের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে৷ গত রোববার রাত সাড়ে ১০টার দিকে চাঁচড়া এলাকায় এ ঘট্না ঘটে৷ তবে পুলিশ দাবি করেছে, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডলারসহ দুই তরুণ গুলিবিদ্ধ হন, তাঁরা সন্ত্রাসী৷
গুলিবিদ্ধ অপর তরুণ হলেন ভিকি (২৫)৷ ইব্রাহিম শহরের ষষ্ঠীতলাপাড়ার বাচ্চু মিয়ার ছেলে এবং ভিকি রেলগেট এলাকার বাবু সিকদারের ছেলে৷ তাঁদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, রোববার বিকেলে স্থানীয় এক ব্যক্তির জানাজা শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পুলিশ তাঁকে ধরে চাঁচড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়৷ এ সময় পুলিশ তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করে৷ টাকা দিলে গুলির হাত থেকে বাঁচা যাবে বলে পুলিশ জানায়৷ টাকা দিতে না পারায় রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় রাজবাড়ি কবরস্থানে নিয়ে পুলিশ তাঁর বাঁ পায়ে বন্দুক ঠেকিয়ে দুটি গুলি করে৷ িভকিকে কোথায় কীভাবে গুলি করা হয়, তা তিনি জানেন না৷
ইব্রাহিমের মা জোমেনা বেগম অভিযোগ করে বলেন, ‘এলাকায় ডলার নামে একজন এক সন্ত্রাসী রয়েছে৷ আর পুলিশ তাকে খুঁজতে এলে লোকজন আমার ছেলেকে দেখিয়ে দেয়৷ ১৬ মাস আগে আমিনুল নামের এক দারোগা আমার ছেলেকে ধরে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র কেসে ফাঁসিয়ে দেয়৷ তখন তিনি ২০ হাজার টাকা চেয়েছিলেন৷ দিতে পারিনি বলে মামলা দিয়ে চালান দেন৷ সেই মামলায় ডলার ১৬ মাস জেলে ছিল৷ সম্প্রতি তাকে জামিনে বের করে এনেছি৷ সে েমাটর মেকানিকের কাজ করে৷ তাকে ধরে পুলিশ পায়ে গুলি করে দিল৷ অথচ বড় বড় সন্ত্রাসীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছিল৷ এ সময় সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে তারা বোমা ছোড়ে৷ জবাবে পুলিশও গুলি চালায়৷ তখন ইব্রাহিম ও ভিকির পায়ে গুলি লাগে৷ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি, পাঁচটি ককটেল এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে৷ ইব্রাহিমের করা অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, ‘ক্রিমিনালরা এমন কত কথাই বলে৷’ তার বিরুদ্ধে খুন, মাদক, দ্রুত বিচার আইনসহ সাতটি মামলা এবং ভিকির নামেও কয়েকটি মামলা রয়েছে বলে ওসি জানান৷
যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের (চাঁচড়া, ষষ্ঠীতলাপাড়া) কাউন্সিলর আনিছুর রহমান মুকুল বলেন, ‘সন্ত্রাসী হিসেবে ইব্রাহিমের নাম পত্রপত্রিকায় আসেনি৷ এলাকায় তার নামধামও তেমন শুনিনি৷ তাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলা ঠিক হবে না৷’