বন্দুক দিয়ে বক শিকার বেড়েছে হাওরাঞ্চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কাওয়াদীঘি হাওর এলাকাসহ বিভিন্ন স্থানে বন্দুক দিয়ে বক শিকার বেড়েছে। বিভিন্ন এলাকা থেকে শিকারিরা গিয়ে মাঠে চরানো ও গাছে আশ্রয় নেওয়া বকের ঝাঁকে গুলি করছে। এরপর ব্যাগে ভরছে আহত পাখি। খোঁজ নিয়ে জানা গেছে, হাওরাঞ্চলের গ্রামগুলোর লোকজন পাখি শিকার করে না। কিন্তু যারা বাইরে থেকে কিছু লোক হাওর এলাকায় এসে বন্দুক দিয়ে ও ফাঁদ পেতে বক শিকার করছে। স্থানীয় অনেকেই জানে না, এই শিকারিদের ধরিয়ে দিতে কোথায় জানাতে হবে। একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি প্রায়ই রাস্তায় চলাচলের সময় বক বিক্রি করতে দেখি। অনেক সময় প্রশাসনকে জানাতে চাই। কিন্তু এই তথ্য কোথায় জানাব, তা জানি না।’গত বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় টমটমে (ব্যাটারিচালিত অটোরিকশা) একজন যাত্রী ওঠেন (এই প্রতিবেদকও সেই টমটমের যাত্রী ছিলেন)। ওই যাত্রী টমটমচালকের পূর্বপরিচিত। সেই যাত্রী টমটমচালককে হাওরে নিয়ে যাওয়ার কথা বললেন। এরপর শুরু করলেন, বক শিকারের গল্প। তিনি জানান, বক শিকারের জন্য তিনি বন্দুক ও গুলি সংগ্রহ করছেন। দুই-এক দিন আগে এক রাতে একটি খামারবাড়ির গাছে রাতের বেলা গিয়ে পাখি দেখে এসেছেন। এত পাখি, চাইলে কেউ হাতে ধরে নিয়ে আসতে পারবে। আলাপের একপর্যায়ে তিনি জানালেন, কয়েক দিন আগে একজন শিকারি আধা বস্তা বক শিকার করে এনেছেন। শহরের চৌমোহনা এলাকায় এসে পরে চালকের সঙ্গে যোগাযোগের কথা বলে এই যাত্রী নেমে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক টমটমচালক প্রথম আলোকে বলেন, শিকারিরা কাওয়াদীঘি হাওরে গিয়ে বন্দুক দিয়ে পাখি শিকার করে। টমটমচালক ও টমটমের অন্য এক যাত্রী জানালেন, এরা সাধারণত শুক্রবারে হাওর এলাকায় বক শিকার করতে যায়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো তথ্য আমার কাছে নির্দিষ্ট করে এখনো আসেনি। সেখানে আমাদের লোক পাঠাব।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই জানি না, বক বা পাখি শিকারেরর ঘটনা স্থানীয় পুলিশ ও বন বিভাগের লোকদের জানালে তাৎক্ষণিকভাবে প্রতিকার পাওয়া যায়। কমিউনিটি রেডিওর মাধ্যমে পাখি শিকার না করতে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হবে।’