কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বন্দুক দেখিয়ে নয়, কাজের প্রমাণ নিয়ে জনগণের কাছে ভোট চাইবে আওয়ামী লীগ। সঠিক নেতৃত্ব থাকলে মানুষ না খেয়ে মরে না। আর সঠিক নেতৃত্ব না থাকলে ভাতের আগে সার চাইতে গিয়েই মানুষ মারা যায়। গতকাল বুধবার বিকেলে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ‘মহাজোট সরকারের তিন বছর: কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তায় অর্জিত সাফল্য’ শীর্ষক সেমিনারে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।মতিয়া চৌধুরী বলেন, ‘নানা সমস্যার মধ্যেও বাংলাদেশ অদম্য। এত দুর্যোগের পরও এ দেশের মানুষ না খেয়ে মারা যায়নি। বিবিসি ১৯৯৮ সালে খবর প্রকাশ করেছিল, বাংলাদেশে দুর্যোগে দুই লাখ লোক মারা যাবে। তবে মানুষ তো নয়ই, দুটি পিঁপড়াও মরেনি।’কৃষিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র এ দেশে ক্ষণস্থায়ী, আর দীর্ঘস্থায়ী হয় বিভিন্ন ব্যবস্থা। এ জন্য যারা দায়ী সেই ভাশুরের নাম অর্ধেক বলবেন অর্ধেক বলবেন না তা হবে না। মোড়কে মোড়ানো কথা আমাদের অনেক ক্ষতি করে। বললে পুরোটা বলুন।’কৃষিতে দেশের বিভিন্ন অঞ্চলের সমস্যার চিত্র তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলেই সমস্যা রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘরবাড়ি আর রাস্তাঘাট নির্মাণে কৃষিজমি কমে যাচ্ছে। অনেক এলাকায় শিল্প গড়ে উঠছে। মতিয়া চৌধুরী বলেন, লবণাক্ততাসহ পানির সমস্যা দূর করতে নদীগুলোকে উদ্ধার করতে হবে। নদী খনন করতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। নদী খননের পরিমাণ বাড়াতে হবে। একই সঙ্গে বিজ্ঞানের নতুন আবিষ্কার সম্পর্কে খোলা মন নিয়ে এগোতে হবে। কৃষি উন্নয়নে নতুন পথের সন্ধান করতে হবে। আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, কাজী এম বদরুদ্দোজা, রুহুল আমীন হাওলাদার, আবদুল মান্নান, বাহাউদ্দিন নাছিম, মেয়াজ্জেম হোসেন, আফজাল হোসেন, অসীম কুমার উকিল প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেখর দত্ত।