বন্দুকভাঙ্গা থেকে অপহূতদের মুক্তির বিষয়ে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা থেকে অপহূত সাত গ্রামবাসীর মুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। তবে গতকাল শুক্রবারও তাঁদের মুক্তি দেওয়া হয়নি বলে জানা গেছে। বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা বলেন, সামাজিক নেতাদের মধ্যস্থতায় অপহূতদের মুক্তির ব্যাপারে অপহরণ-কারীদের সঙ্গে সমঝোতা হয়েছে। আজ শনিবার অপহূতদের মুক্তি দেওয়া হতে পারে। তবে কেমন সমঝোতা, তা তিনি বলেননি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, আঞ্চলিক রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষ খুবই কষ্টে আছেন। কোনো দলের লোকজন কারও বাড়িতে বা গ্রামে গেলে তাঁদের তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। খেতে চাইলে খেতে দিতে হয়। অথচ অন্যপক্ষের লোকজন ভুল বুঝে। পাশাপাশি সুযোগ নেয় কিছু স্থানীয় অসৎ মানুষ। সম্ভবত কোনো ভুল তথ্যের ভিত্তিতে সাতজনকে অপহরণ করা হয়েছে।গত বুধবার বন্দুকভাঙ্গা ইউনিয়নের করল্যামুড়া, পলাশ আদাম ও সাহসবান্ধা গ্রাম থেকে সাত গ্রামবাসী ও একটি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন পণ্য নিয়ে ট্রলারে করে রাঙামাটি আসছিলেন। এ সময় সকাল সাতটা থেকে সাড়ে সাতটার দিকে বন্দুকভাঙ্গা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের লড়িছড়া ডোর এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি ট্রলার চালকসহ নয়জনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরে বেলা একটার দিকে প্রধান শিক্ষক ও ট্রলার চালককে মুক্তি দেওয়া হয়। আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দ্বন্দ্বের জের ধরে এ অপহরণের ঘটনা ঘটে বলে স্থানীয় সাধারণ লোকজনের ধারণা। জনসংহতি সমিতি এ অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করে। তবে ইউপিডিএফ তা অস্বীকার করে।