বন্দুকভাঙ্গা থেকে অপহূতরা মুক্তি পাননি
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন থেকে অপহূত সাত গ্রামবাসীকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে তাঁদের মুক্তির ব্যাপারে সামাজিক নেতারা চেষ্টা শুরু করেছেন বলে জানা গেছে। অপহূতদের পরিবারের লোকজন জানান, মুক্তির বিনিময়ে তাঁদের কাছ থেকে কোনো কিছু দাবি করা হয়নি। অপহরণকারীরা খবর দিয়েছে, অপহূতদের মুক্তি দেওয়া হবে। বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা বলেন, অপহরণকারীরা অপহূতদের মুক্তি দেওয়ার কথা বলেছেন। অপহরণের পর থেকে সামাজিক নেতারা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। গত বুধবার রাঙামাটির বনরূপার সাপ্তাহিক হাটে ট্রলারে করে পণ্য নিয়ে আসার পথে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বন্দুকভাঙ্গা ইউনিয়নের লুড়িছড়া ডোর এলাকা থেকে নয়জনকে অপহরণ করা হয়। পরে দুজনকে মুক্তি দেওয়া হয়।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দ্বন্দ্বের জের ধরে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা। জনসংহতি সমিতি এ অপহরণ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অপহূতদের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দিতে আসেননি। ঘটনাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।