বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার, তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালায় গত সোমবার দিবাগত রাত দেড়টায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-ডাকাত ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে।

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আন্তজেলা ডাকাত দলের সদস্য ও ডাকাত সর্দার নুরুল বশর (২৮) পুলিশের হাতে ধরা পড়েন। তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, তিনটি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ১৫-১৬ জন অস্ত্রধারী ডাকাত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেধাকচ্ছপিয়া ঢালায় গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সর্দার নুরুল বশর গুলিবিদ্ধ হলে অন্য ডাকাতেরা পিছু হটে। এতে তিন পুলিশ সদস্যও আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) কল্লোল চৌধুরী (৩২), কনস্টেবল নূর মোহামঞ্চদ (৪৮) ও হারুনুর রশিদ (৪৬)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, পুলিশ-ডাকাত বন্ধুকযুদ্ধে প্রায় ৫০টি গুলিবিনিময় হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত সর্দার নুরুল বশরসহ ১৬ জনকে আসামি করে ডাকাতির প্রস্তুতি, পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।

ওসি আরও বলেন, ডাকাত সর্দার নুরুল বশরের বিরুদ্ধে সড়ক ও গৃহে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে চকরিয়া থানায় আটটি ও কক্সবাজার মডেল থানায় দুটি মামলা রয়েছে।