বন্দুকযুদ্ধে গণবাহিনীর নেতা নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত শুক্রবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমজাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার নগরবাকা গ্রামের বাসিন্দা।পুলিশের ভাষ্যমতে, আমজাদ চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর শীর্ষস্থানীয় নেতা কসাই সিরাজের সেকেন্ড-ইন-কমান্ডার ছিলেন। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ককটেল ও গুলি উদ্ধার করেছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম জানান, কুষ্টিয়া জেলা ও মিরপুর থানা পুলিশের সদস্যরা শুক্রবার রাতে জানতে পারেন মিরপুরের কুর্শা ইউনিয়নের ভেদামারী গ্রামের একটি বাগানে চরমপন্থীরা অস্ত্র নিয়ে গোপন বৈঠক করছে। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।সি এ হালিম জানান, ২০ মিনিটে উভয় পক্ষের মধ্যে প্রায় অর্ধশত রাউন্ড গুলিবিনিময়ের পর চরমপন্থীরা পিছু হটে। গোলাগুলি থামলে আশপাশের মানুষ সেখানে জড়ো হয়। এ সময় সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন মৃতদেহটিকে চরমপন্থী আমজাদের বলে শনাক্ত করে। পরে ঘটনাস্থল থেকে চরমপন্থীদের ফেলে রাখা একটি এলজি, চারটি ককটেল, বন্দুক ও রাইফেলের ১৬টি গুলি ও বন্দুকের গুলির তিনটি খোসা উদ্ধার করে পুলিশ। মিরপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।সি এ হালিম আরও জানান, আমজাদ মিরপুর উপজেলার হালশা গ্রামের আসলাম, রাজ্জাক, পোড়াদহ গ্রামের ফকির মাহমুদ ও মুক্তি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ফিরোজ অপহরণ মামলাও রয়েছে।