বন্দুকযুদ্ধে দুজন নিহত
মৌলভীবাজারের কুলাউড়া এবং যশোরের কেশবপুরে পুলিশের গতকাল শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুই ব্যক্তি ‘ডাকাত’ ছিলেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
কেশবপুর
যশোরের কেশবপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গতকাল গভীর রাতে আন্তজেলা ‘ডাকাত’ বাহিনীর প্রধান রজব আলী বিশ্বাস (৪৪) নামে এক ডাকাত নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মির্জানগর গ্রামে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ডাকাতিসহ ২৩টি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার একদল পুলিশ জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে রাত পৌনে ১১টার দিকে ‘ডাকাত’ রজব আলীকে আটক করে। জিজ্ঞাসাবাদকালে সে পুলিশকে তথ্য দেয়, তার বাড়ির উত্তর পাশে একটি কবরের মধ্যে অস্ত্র আছে। অস্ত্র উদ্ধারে রাত পৌনে দুইটার দিকে পুলিশ সেখানে যায়। উপস্থিতি বুঝতে পেলে তাঁর সঙ্গী অন্য ‘ডাকাতরা’ পুলিশের ওপর গুলি চালায়। এ সময় গুলিবিনিময়ের মধ্যে রজব আলী গুলিবিদ্ধ হয়। পুলিশ সেখান থেকে একটি শাটারগান, দুটি রিভলবারের গুলি ও একটি ২৭ ইঞ্চি ছোরা উদ্ধার করে। পুলিশ রজব আলীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রজব আলীর ভাই আবেদ আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই প্রায়ই জেল খাটত। সে “খারাপ” বলে তাঁকে আমরা জেলখানায় দেখতে যেতাম না।’ রজব আলীর অপর ভাই সাবান আলী জানান, রজবকে ভালো করতে একটি নছিমন কিনে দিয়েছিলেন। কিন্তু তিনি বেশি দিন নছিমন চালাননি। রজব আলী দুটি বিয়ে করেছেন, তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। রজব ছয় ভাইয়ের মধ্যে তৃতীয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিলের দাবি, ‘ডাকাত’ আজিজ গণপিটুনিতে নিহত হওয়ার পর রজব আলী নিজ নামে ‘ডাকাত’ বাহিনী গড়ে তোলে। সে এই বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে কেশবপুর, মনিরামপুর, যশোর সদর, তালা, পাটকেলঘাটা ও সাতক্ষীরা থানায় ২৩টি মামলা আছে। এর মধ্যে চারটি খুনের মামলা, ছিনতাই ও ডাকাতির ১৪টি মামলা, বাকিগুলি বোমা ও অস্ত্র মামলা। তিনি দাবি করেন, অস্ত্র উদ্ধারের সময় ১৪টি গুলি ছোড়া হয়। ডাকাতদের ছররা গুলিতে উপপরিদর্শক সুব্রত কুমার সরদার, কৃষ্ণপদ গাইন ও আকরাম হোসেন আহত হয়েছে।
জুড়ী
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রাবার বাগানের ঘাঘরাছড়া এলাকায় গতকাল শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে বাবুল মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ‘বাবুল ডাকাত’ নামে পরিচিত। এ ঘটনায় পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বাবুল স্থানীয় ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আবদুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলিসহ ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে বলে দাবি করেছে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজ রোববার সকাল ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, বাবুলের নেতৃত্বে ১০-১৫ জনের ডাকাত দল ভাটেরা রাবার বাগানের স্টাফ কোয়ার্টারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল দিবাগত রাত সোয়া দুইটার দিকে বাগানের ঘাঘরাছড়া এলাকায় যায়। এ সময় ডাকাত দল টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও চায়নিজ রাইফেল ও শটগান দিয়ে পাল্টা গুলি ছোড়ে। এতে বাবুলের বুকের দুই পাশে দুটি গুলি লাগে। এ ঘটনায় পুলিশের কনস্টেবল হাবিব ও বজলুলের হাতে ও পায়ে গুলি লাগে। গুলিবিনিময়ের একপর্যায়ে বাবুলের সহযোগীরা সটকে পড়ে।
পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে পুলিশ। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া একটি একনলা বন্দুক, তিনটি তাজা গুলি, দুটি গুলির খোসা, চারটি দা এবং দরজা ও লোহার গ্রিল ভাঙার কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
ওসি হাসানুজ্জামান জানান, বাবুলের বিরুদ্ধে কুলাউড়া ও রাজনগর থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।