বন্দুকসহ তিন ডাকাত গ্রেপ্তার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের শুকলালহাট সেতু এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে একটি বন্দুকসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার দক্ষিণ অলিনগর গ্রামের মো. ইলিয়াছের ছেলে মো. ইউছুপ, মোস্তাননগর এলাকার মুনছুর আহমঞ্চদের ছেলে আবদুর রহমান (২০) ও উত্তর জামালপুরের আবুল হোসেনের ছেলে মো. ফারুক (২৪)। গত রোববার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুকলালহাট সেতু এলাকায় ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালান পুলিশের উপপরিদর্শক মোবারক হোসেন। এ সময় গাড়িতে চালকসহ চার ডাকাত ছিলেন। তল্লাশির একপর্যায়ে একজন পালিয়ে গেলেও অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একনলা একটি বন্দুক ও ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে মো. ফারুক নিজেকে নির্দোষ দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমি মিরসরাই থেকে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করি। গতকাল পাইকারি ক্রেতাদের থেকে বকেয়া টাকা তুলে সীতাকুণ্ডের সোনাইছড়ি ফুলতলা এলাকায় লোকাল অটোরিকশায় চেপে বাড়ি ফিরছিলাম। পুলিশ তল্লাশি করার সময় অস্ত্র রাখা যাত্রী পুলিশের চোখের সামনে পালিয়ে গেলেও পুলিশ আমাদের আটক করে আমার মোবাইলসহ ৪৮ হাজার টাকা নিয়ে নেয়।’