বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার বলেছেন, মহাত্মা গান্ধী এবং তাঁর জীবন আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। গান্ধীর আদর্শ প্রমাণ করে, বন্দুকের নল অথবা সম্পদই ক্ষমতার উৎস নয় বরং সত্য, ঐকান্তিকতা বা সত্যাগ্রহ আরও বেশি কার্যকর।পঞ্চম মহাত্মা গান্ধী স্মারক বক্তৃতার অনুষ্ঠানে সভাপতির বক্তেব্যে রজিত মিত্তার এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ গতকাল রোববার সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে। ৩০ জানুয়ারি গান্ধীর মৃত্যবার্ষিকী উপলক্ষে পাঁচ বছর ধরে এই স্মারক বক্তৃতার আয়োজন করছে বিভাগটি।রজিত মিত্তার বলেন, গান্ধী একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর জীবনাদর্শ আজও সারা পৃথিবীতে অনুকরণীয়। এ ছাড়া সন্ত্রাসবাদ ও মৌলবাদ আজকের বিশ্বের একটি বড় সমস্যা। গান্ধীর অহিংস আদর্শ আর নীতির মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গান্ধীজি বলেছেন, নীতিহীন রাজনীতি কখনো রাজনীতি হতে পারে না। আজকের যুগে এই কথাটি খুবই সত্য। গান্ধীজি সব সময় মানবিকতার কথা বলতেন। একটি মানবিক পৃথিবী গড়ে তোলার জন্য সব সময় চেষ্টা করতে হবে।এবারের স্মারক বক্তৃতা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধী কেবল ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর আদর্শ। কখনো তিনি ন্যায়-নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। মৃত্যুর ৬২ বছর পরেও তাই তিনি মানব জাতির সামনে আলোকবর্তিকা। এই যুগেও তাই গান্ধীজি আমাদের বুকের মধ্যে আছেন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, গান্ধীর মতো মানবতাবাদী, দেশপ্রেমিক মানুষ সারা পৃথিবীর আদর্শ। তিনি সাধারণ মানুষের কথা সব সময় ভাবতেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।