মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সংরক্ষিত বনের জমির বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে উপজেলা সদরের চৌমোহনা চত্বরে মানববন্ধন হয়। উপজেলার মনছড়া বিটের প্রাকৃতিক বনাঞ্চল, সামাজিক বনাঞ্চল, সেগুনবাগান ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে সমাবেশে আইনজীবী তৈমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিন, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল আলম, এলাকাবাসীর পক্ষে ইউসুফ আলী প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘যে জমিটি চা-বাগানকে বন্দোবস্ত দেওয়া হয়েছে তা বনের। বন্দোবস্ত নিতে কৌশলে জমিটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত (জেলা প্রশাসকের নামে রেকর্ড) করা হয়েছে। বন বিভাগের উদ্যোগে ওই জায়গায় সামাজিক বনায়ন করা হয়েছে। বনায়নের উপকারভোগী হিসেবে এলাকার অনেক লোক সম্পৃক্ত। তাই এ জমির বন্দোবস্ত বাতিল করতে হবে।’
গত ২৬ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (খাসজমি-১) স্বাক্ষরিত একটি চিঠিতে জেলা প্রশাসককে মনছড়া মৌজার ২৮০ দশমিক ৫০ একর জমি কালিটি চা-বাগানকে ইজারা সম্পাদন করে দিতে বলা হয়। এর আগে গত বছরের ৭ জানুয়ারি কালিটি চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক চা-বাগান এলাকায় অবস্থিত চা চাষের উপযোগী সরকারি খাসজমি সম্পূরক ইজারা পেতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। ২৯ আগস্ট ভূমি মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত জমি চা-বাগানের অনুকূলে ইজারা সম্পাদন করে দিতে জেলা প্রশাসককে আরেকটি চিঠি দেওয়া হয়। ২১ অক্টোবর সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা জমিটি মনছড়া বিটের গেজেটভুক্ত উল্লেখ করে তা ইজারা না দিতে অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন।
চিঠিতে বলা হয়, ১৯৬০ সালে মনছড়া মৌজার এক হাজার ৫২৫ একর জমি সংরক্ষিত বনভূমি হিসেবে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। গত জরিপে ওই ভূমি জেলা প্রশাসকসহ কয়েক ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায়। পরে বন বিভাগের পক্ষ থেকে রেকর্ড সংশোধন ও বন বিভাগের নামে ভূমিটি নামজারির জন্য সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়।
৪ মে প্রথম আলোয় ‘ভূমি বনের, বন্দোবস্ত পাচ্ছে চা-বাগান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।