বন্দোবস্ত জমি বুঝে পাননি মুক্তিযোদ্ধা করম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাসজমির মালিকানার কাগজ হাতে পাওয়ার এক বছর পেরিয়ে গেলেও তা বুঝে পাননি সিলেটের ফেঞ্চুগঞ্জের মুক্তিযোদ্ধা করম আলী। নিজের জমি বুঝে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর তীরবর্তী পিঠাইটিকর গ্রামে অবস্থিত ছত্তিশ মৌজার ১ নং খতিয়ানের ৪১৯৫ দাগে ৮ শতক জায়গা মুক্তিযোদ্ধা করম আলীর নামে বন্দোবস্ত দেওয়া হয়। গত বছরের ষোলোই ডিসেম্বর স্থানীয় সাংসদ ওই বন্দোবস্তের কাগজ করম আলীর হাতে তুলে দেন। তারপর স্থানীয় ভূমি কার্যালয়ের লোকজন বন্দোবস্তকৃত জায়গা করম আলীকে ঝুঝিয়ে দিতে গেলে পিটাইটিকর গ্রামের কলা মিয়ার পক্ষের লোকজনের বাধার মুখে তাঁরা ফিরে আসেন। সরেজমিনে গিয়ে শুক্রবার বিকেলে ঘুরে দেখা যায়, বন্দোবস্তকৃত জায়গায় টিনের চালা দিয়ে ঘর বানানো হয়েছে। পিঠাইটিকর গ্রামের দিলা মিয়া বলেন, জায়গাটি কলা মিয়ার দখলে দীর্ঘদিন ধরে রয়েছে। জায়গার মালিকানা নিয়ে মামলা চলছে। একই গ্রামের সামাদ মিয়া বলেন, ভূমিহীন মুক্তিযোদ্ধা করম আলীকে যখন বন্দোবস্ত দেওয়া হলো, তখন বিরোধপূর্ণ জায়গাটি কেন দেওয়া হলো? সরকারি প্রচুর খাসজমি রয়েছে। নির্ভেজাল জমি দিলে সমস্যা হতো না।করম আলী বলেন, ‘আইজ এক বছর অইগেছে, কাগজ ফাইলেও (পেলে) অখন পর্যন্ত জেগা বুঝিয়া (বুঝিয়ে) ফাইছি না। প্রশাসনর মানুষর গেছে যাইতে যাইতে বিরক্ত অইগেছি। যে যেন খরচ করার কথা কইছইন, অনো খরচ করছি। কিন্ত জেগার দখল পাইছি না। অখন দুঃখে কানরাম (কাঁদছি)।’এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ লুৎফর রহমান বলেন, ‘করম আলীর বন্দোবস্তকৃত জায়গাটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’