নতুন চা-বাগান ‘সৃজন’ করার নামে সিলেটের জৈন্তাপুরে চারটি চা কোম্পানির নামে খাসজমি বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করে একটি সরকারি ঘোষণার দাবিতে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন (আলটিমেটাম) এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে জৈন্তাপুর সদরে এলাকাবাসীর মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়।কানাডা আওয়ামী লীগের নেতা সরওয়ার হোসেনের বানকান টি এস্টেটসহ চারটি চা কোম্পানি জৈন্তাপুরের নিজপাট ও চারিকাটা ইউনিয়নের হর্নী, বাইরাখেল, কালিঞ্জীবাড়ি, বাউরভাগ, গৌরীশংকর, গুয়াবাড়ি, নয়াখেল পূর্ব ও জালিয়াখলা মৌজার প্রায় ছয় হাজার একরের বেশি পাহাড়-টিলা শ্রেণীর খাসজমি বন্দোবস্ত চেয়ে পৃথক আবেদন করে। প্রভাবশালীদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন খাসজমি বন্দোবস্ত দেওয়ার তোড়জোড় শুরু করলে এলাকাবাসী ১২ সেপ্টেম্বর পাহাড়-টিলা-ভূমি রক্ষায় সমাবেশ করেন।গতকাল জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালিকের সভাপতিত্বে সমাবেশে চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ, নিজপাট ইউনিয়নের সদস্য আবদুস শুকুর, এলাকাবাসীর পক্ষে গোলাম হোসেন, রহমত আলী, মুসলিম আলী, জাকারিয়া আমিন, আবদুল হক, আবদুল হাশিম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে তাঁরা বলেন, মানুষের বাসস্থান একটি মৌলিক অধিকার। এ অধিকার জীবন দিয়ে হলেও রক্ষা করতে প্রস্তুত সবাই। পাহাড়-টিলা-ভূমি রক্ষায় চা-বাগানের বন্দোবস্তের প্রক্রিয়া বাতিলে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি ঘোষণা দিতে হবে। এরপর বসবাসকারী ব্যক্তিদের বন্দোবস্ত-প্রক্রিয়া শুরু করার দাবি জানান বক্তারা।১৫ দিনের আলটিমেটাম প্রসঙ্গে চেয়ারম্যান আবদুল মালিক ও ইউপি সদস্য আবদুস শুকুর প্রথম আলোকে জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে এলাকাবাসী আন্দোলনের প্রস্তুতি নেবেন। এ সময় পার হলে কঠোর আন্দোলন ঘোষণা করে ধারাবাহিকভাবে কর্মসূচি পালনের মাধ্যমেই দাবি আদায়ে বাধ্য করা হবে।