বন্দোবস্তের আবেদন করেই সরকারি জমি দখল-ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আবাসন ব্যবসার নামে নবোদয় হাউজিং নামের একটি আবাসন কোম্পানি সরকারি খাল দখল ও ভরাট করে ‘সাগর নীড়’ প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে। ইতিমধ্যে সেখানে সড়ক ও প্লট তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রকল্পের মধ্যে থাকা সরকারি দেড় একর সম্পত্তি বন্দোবস্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সমুদ্রসৈকত-সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ভেতরে পশ্চিম কুয়াকাটায় তিন ভাগে প্রায় ১০০ একর জমি নিয়ে নবোদয় হাউজিং সাগর নীড় প্রকল্প গড়ে তুলছে। প্রকল্প এলাকায় চলাচলের সড়ক বলতে রয়েছে একটি মেঠোপথ। নেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা। এলাকাটি বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের মধ্যে হলেও রয়েছে চরম ঝুঁকির মধ্যে। কারণ প্রকল্পের কাছে কুয়াকাটার খাজুরা-মাঝিবাড়ি পয়েন্টের বেড়িবাঁধ সাগরের ঢেউয়ের ঝাপটায় ভেঙে যাচ্ছে।কলাপাড়া ভূমি অফিস সূত্রে জানা গেছে, জেএল ৩৪ নম্বর লতাচাপলী মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৪৭৫৬ ও ৪৭৫৭ নম্বর দাগের দেড় একর খাসজমি রয়েছে। কুয়াকাটার খাজুরা এলাকায় এ জমির অবস্থান। এখানেই নবোদয় হাউজিং সাগর নীড় প্রকল্পটি গড়ে তুলছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকল্পের অনুকূলে ওই দেড় একর খাসজমি ‘নার্সারি ও উন্নতজাতের শাকসবজি চাষ প্রকল্পের’ জন্য বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ইতিমধ্যে ওই জমির শ্রেণী পরিবর্তন করে তৈরি করা হয়েছে চর্চা ম্যাপ। আবেদনে ‘নার্সারি ও উন্নতজাতের শাকসবজি চাষ প্রকল্প’ বলা হলেও বন্দোবস্ত পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি সরকারি ওই সম্পত্তিতে প্রকল্পের অভ্যন্তরীণ সড়ক ও প্লট তৈরি করেছে। জানা যায়, ইতিমধ্যে তাদের প্রায় সব প্লটই বিক্রি হয়ে গেছে।সাগর নীড় প্রকল্পের কুয়াকাটার প্রকল্প ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন এ বিষয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসলে আপনারা কেন আমাদের পেছনে লেগেছেন। কুয়াকাটায় যতগুলো আবাসন কোম্পানি রয়েছে, তার মধ্যে আমরাই নির্ভেজাল ও জেনুইন। আমরা খাল ভরাট করিনি। ওটি ভরাট ও মরা খাল। সরকরি সম্পত্তিতে প্লট তৈরি হয়নি, চলাচলের জন্য সড়কের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ তবে প্রকল্পের মধ্যে সরকারি জমি থাকার কথা স্বীকার করে মো. আলতাফ হোসেন বলেন, ইতিমধ্যে তাঁদের প্রকল্পের মধ্যে সরকারি দেড় একর জমি বন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। ভূমি অফিসের লোকজন ইতিমধ্যে তদন্ত করে চর্চা ম্যাপও তৈরি করে ফেলেছে। নার্সারি ও উন্নতজাতের শাকসবজি চাষ প্রকল্পের নামে বরাদ্দ চেয়ে আবেদন করে বন্দোবস্ত পাওয়ার আগেই তা আবাসন প্রকল্পের আওতায় নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভালো কিছু করতে গেলে কিছু ত্রুটি হতে পারে। আমরা তো দেড় একর জমি বন্দোবস্ত চেয়েছি। কিন্তু এর ১৪ গুণ জমিতে প্রকল্পের অভ্যন্তরে আমাদের সড়ক রয়েছে। এই সড়ক দিয়ে এলাকার লোকজনই চলাচল করবে।’ তিনি জানান, তাঁদের প্রকল্পের ১৫০টি প্লট বিক্রি হয়েছে এবং হস্তান্তরও শেষ পর্যায়ে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বলেন, ‘খাসজমি এভাবে বরাদ্দ দেওয়ার পক্ষে আমি নই। কারণ এতে সরকারের স্বার্থ নষ্ট হবে।’ জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। তবে খাস খতিয়ানের জমি রেকর্ড সংশোধনেরও সুযোগ নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।