বন্দোবস্তের এক যুগেও দখল পায়নি ভূমিহীনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের শতাধিক ভূমিহীন পরিবার সরকারি খাস জমি বন্দোবস্ত পাওয়ার প্রায় এক যুগেও দখল বুঝে পাচ্ছে না। ইউনিয়নের এশালদার পাড়ার তহুরা বেগম (৬০) বলেন, ‘১৫ বছর আগে ২৮ শতক জমি তিনি বন্দোবস্ত পান। তশিলদার কইছে জমি তোমার হয়য়া গেইছে। কিন্তু জমির কাগজ নিয়া এটে-ওটে ধরনা দিছি, জমি পাইছি না। ছয় মাস আগতও দুইটা হাঁস বেচে তহশিল অফিসের পিয়নের হাতত দিছি, হাঁস-মুরগি সব শেষ কইরছি কিন্তু জমি এলাও পাই নাই।’ পূর্ব ভোগডাবুড়ী গ্রামের ইউছুব আলী (৫৫) জানান, তিনি ওই গ্রামে স্ত্রীর সঙ্গে যৌথ নামে ২৫ শতক খাস জমি বন্দোবস্তের দলিল পান। দলিল হাতে পেলেও দখল পাননি ১২ বছরেও। তিনি বলেন, ‘জমির জন্য প্রায় ১২ বছর ধরি তহশিল অফিসসহ বিভিন্ন অফিসে তদবির করি মোর ১০ হাজারের বেশি টাকা খরচ কোরনু। তার পরও জমি পানু না। খালি টাকায় খরচ হয় নাই, সময়ও নষ্ট হইছে।’ডাঙ্গাপাড়া গ্রামের গিয়াস উদ্দিন ২০০০ সালে ২৫ শতক জমি পেয়েছেন। দলিল হাতে পেলেও জমির দখল পাননি। তাঁর অভিযোগ, ওই জমিটা গ্রামের এক প্রভাবশালীর দখলে আছে। নিজ ভোগডাবুড়ী গ্রামের মানিক শেখ ১৯৯৯ সালে তাঁর স্ত্রী মালেকা বেগমের নামে ২৫ শতক জমির দলিল পেয়েছেন। কিন্তু সেই জমি দখল নিতে গিয়ে এলাকার দখলদার প্রভাবশালীদের হামলা-মামলার শিকার হয়েছেন।’এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এ এম রফিকুন্নবী বলেন, ‘ভূমিহীনেরা সম্প্রতি জেলা প্রশাসককে তাঁদের অভিযোগের কথা জানালে জেলা প্রশাসকের নির্দেশে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা করছি, দীর্ঘদিনের এ সমস্যা আমরা দ্রুত সমাধান করে ফেলতে পারব।’