বন্দোবস্তের জমি বুঝে পাচ্ছেন না ভূমিহীনেরা
কক্সবাজারের টেকনাফে ২৭ জন ভূমিহীনকে বন্দোবস্ত দেওয়া পাঁচ একর ৪০ শতাংশ খাসজমি স্থানীয় কিছু লোক দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, উপজেলা ভূমি কার্যালয় থেকে ২৭ জন ভূমিহীনকে বন্দোবস্ত দেওয়া জমি তাঁরা ভোগদখল করতে পারছেন না। এ বিষয়ে কয়েক মাস আগে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, উপজেলার সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৭ জন ভূমিহীন ২০০৯ সালের পর বিভিন্ন সময়ে খাসজমি বন্দোবস্ত চেয়ে আবেদন করেন। ২০১১ সালে টেকনাফ পৌরসভার কুলালপাড়া গ্রামের নুর বখতকে ২০ শতক, কাউসার পারভেজকে ২০ শতক, মোহামঞ্চদকে ২০ শতক, জালিয়াপাড়ার এমদাদ হোছনকে ২০ শতক, আমির হোসেনকে ২০ শতক, মো. কালুকে ২০ শতক, চৌধুরীপাড়ার জিন্নাত আলীকে ২০ শতক, মো. আনোয়ারকে ২০ শতক, গোদারবিলের আবু ছৈয়দকে ২০ শতক, ছৈয়দ হোসেনকে ২০ শতক ও বরইতলির বশির আহমদকে ২০ শতক জমি বন্দোবস্ত দেওয়া হয়। এ ছাড়া আরও ১৬ জনকে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।
ভূমিহীন ব্যক্তিদের অভিযোগ, দখলমুক্ত না করে জমি বন্দোবস্ত দেওয়ায় তাঁরা জমি বুঝে পাচ্ছেন না। কিন্তু তাঁরা নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।
ভূমিহীন ব্যক্তিদের অভিযোগ, তাঁদের জমিগুলো সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামের ফজল হক, আকতার হোছন, আবদুল মন্নান, ছুরত মিয়া, রুস্তম হাকিমসহ কয়েক ব্যক্তি দখল করে চাষাবাদ করছেন।
ফজল হক, আকতার হোছন, আবদুল মন্নান, ছুরত মিয়া ও রুস্তম হাকিম বলেন, তাঁরা স্বাধীনতার পর থেকেই এসব জমি চাষাবাদ করছেন। বন্দোবস্তের বিষয়ে কেউ তাঁদের কিছুই জানায়নি।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম বলেন, বন্দোবস্ত দেওয়ার আগে জমিগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়ার দরকার ছিল। এভাবে জমি বন্দোবস্ত দেওয়ায় উভয়পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, তদন্ত করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।