আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ করে দেওয়ার পরও গতকাল শুক্রবার সকালে রাঙামাটির একটি আশ্রয়কেন্দ্রে নতুন করে ফিরে এসেছেন ২০৪ জন। তাঁরা উঠেছেন মোনঘর ভাবনাকেন্দ্রে। এটিসহ মোট তিনটি আশ্রয়কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যার পরও অবস্থান করছিলেন ১৯৮ জন। তাঁদের মধ্যে গতকাল সকালে চলে যান ১৪২ জন। সব মিলিয়ে এখন তিনটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন ২৬০ জন।
ফিরে আসা গৃহহীন লোকজন বলছেন, তাঁদের ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। থাকার কোনো পরিবেশ নেই।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় ছয়টি আশ্রয়কেন্দ্রের সবকটিতে রাঙামাটি জেলা প্রশাসন শেষবারের মতো খাবার দেয়। তবে সন্ধ্যার পরও মোনঘর ভাবনাকেন্দ্র, মেডিকেল কলেজ ছাত্রাবাস ও জিমনেশিয়াম আশ্রয়কেন্দ্রে লোক ছিলেন। গতকাল বিকেল পর্যন্ত শহরের জিমনেশিয়ামে ৩৯ জন, মোনঘর ভাবনাকেন্দ্রে ২১০ জন ও মেডিকেল কলেজ ছাত্রাবাস আশ্রয়কেন্দ্রে ১১ জন রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের চার সদস্যকে নিয়ে মোনঘর ভাবনাকেন্দ্র ছেড়ে যান রাঙামাটি শহরের উলুছড়া এলাকার উজ্জ্বল চাকমা। গতকাল সকালে তঁারা আবার ফিরে এসেছেন। উজ্জ্বল বলেন, গত ১৩ জুন পাহাড়ধসে তাঁর বাড়িটি ধসে যায়। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছতলায় স্ত্রী-সন্তানসহ রাত কাটিয়েছেন। বাধ্য হয়ে আবার ফিরে এসেছেন।