বন্ধ করা হলো নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের দাউদপুর পুল-সংলগ্ন খাজা আহম্মদ লেক অবৈধভাবে ভরাট করে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা গত রোববার ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজের ঠিকাদারদের ডেকে কাজ বন্ধের নির্দেশ দেন।
ফেনী পৌরসভা সরকারি লেক ভরাট করে মার্কেটটি নির্মাণ করছিল। মার্কেটে প্রায় দুই শ দোকান করার পরিকল্পনা ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের রামপুর মৌজায় অবস্থিত ফেনী-সোনাগাজী সড়কের পাশে সরকারি লেক ভরাট করে মার্কেট নির্মাণের ঘটনায় গত ২৪ মে ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উল্লিখিত স্থানে মার্কেট নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ ব্যাপারে প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসককে নির্দেশ দেন হাইকোর্ট।
সরকারি লেক ভরাট করে মার্কেট নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন জানান, ওই জায়গা বরাদ্দের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসন আবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ফাইলটি এখন অনুমোদনের অপেক্ষায় আছে।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, দাউদপুর পুলের পাশে ট্রাক টার্মিনাল স্থাপনের জন্য ২০০৬ সালে তৎকালীন পৌর মেয়র জেলা প্রশাসকের কাছে কিছু জায়গা বরাদ্দ চান। ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এখনো এ ব্যাপারে অনুমোদন দেয়নি। কিন্তু সম্প্রতি সরকারি জায়গা ভরাট করে মার্কেট নির্মাণের কাজ শুরু করা হয়। প্রশাসন ওই নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। তিনি জানান, সরকারি জায়গায় মার্কেট নির্মাণকাজ বন্ধ করতে গত ৪ ফেব্রুয়ারি ফেনী পৌরসভা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল জেলা প্রশাসন।
সূত্র জানায়, ফেনী পৌরসভা কর্তৃপক্ষ লেক ভরাট করে মার্কেট নির্মাণের জন্য তিনজন ঠিকাদার নিয়োগ করে। প্রতি ঠিকাদারের অধীনে ৬৪টি করে দোকান নির্মাণ করা হচ্ছিল। এ ছাড়া ২০০৬ সালে ট্রাক টার্মিনালের জন্য ভরাট করা জায়গায় মার্কেট নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে।