চট্টগ্রামের নিউমুরিং মীরাপাড়া এলাকার আতর আলী মহাজন মসজিদসংলগ্ন পুকুরটির ভরাটকাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের ১৪ মে অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের সত্যতা পায়। অধিদপ্তরের পরিদর্শক মো. হারুনুর রশীদ দলের নেতৃত্ব দেন। এ সময় পুকুর ভরাট ও ভরাট করে চলা নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া পুকুরে আর কোনো মাটি না ফেলার নির্দেশ দেওয়া হয়।পুকুর ভরাটের সঙ্গে জড়িত মঞ্জুর আলম ও তাঁর ভাইদের পরিবেশ অধিদপ্তরে হাজির হওয়ার নোটিশ দেন মো. হারুনুর রশীদ। পরিদর্শক হারুনুর রশীদ বলেন, ‘পুকুরটি ভরাট করে নির্মাণকাজ করছিলেন কিছু ব্যক্তি। আমরা পুকুর ভরাটকাজ বন্ধ করে দিয়েছি। তাঁদের ১৪ মে অধিদপ্তরে শুনানিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’অধিদপ্তরের পরিচালক (অ্যানফোর্সমেন্ট) শুনানি শেষে ঘটনার সত্যতা পেলে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি পুকুর খনন করে দেওয়ার নির্দেশ দিতে পারে বলে হারুনুর রশীদ জানান। প্রসঙ্গত, আতর আলী মহাজন মসজিদসংলগ্ন পুতন্যার মায়ের পুকুর নামে পরিচিত জলাশয়টি কিছুদিন ধরে ভরাট করে ভবন নির্মাণকাজ করছিলেন কয়েকজন। ৭০ শতক আয়তনের পুকুরটির ভরাট নিয়ে গতকাল প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে।